দিনাজপুর বন্ধুসভার ‘পাঠচক্রে রবীন্দ্রনাথ’

বন্ধুদের পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

৮ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর বন্ধুসভার ৩৪তম ও বিশেষ পাঠের আসর ‘পাঠচক্রে রবীন্দ্রনাথ’। জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই পাঠচক্রের নির্বাচিত বই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গল্পগুচ্ছ’। গল্পগুচ্ছ থেকে পাঠ করা হয় ‘নিশীথে’ অংশটুকু।

বাংলা ১২৬৮ সনের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী এ কবি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রতিটি চরণ, জীবনের প্রতিটি আচরণ বাঙালির জন্য অনিঃশেষ এক আলোর উৎস। আমাদের প্রাণ, ভাষা, চেতনার মর্মমূল নিহিত রবীন্দ্রনাথের মাঝে। তাঁর গানে, বাণীতে ভাষা হিসেবে বাংলা পেয়েছে নিজস্বতা, জাতি হিসেবে বাঙালি পেয়েছে স্বকীয়তা।

তাঁর অনবদ্য রচনায় এভাবেই তিনি বেঁচে থাকবেন আমাদের অন্তরে। আর আমরা তাঁর রচনাবলি নিয়ে এভাবেই যুগের পর যুগ হারিয়ে যাব বই পাঠের আসরে। আসরে যুক্ত হয়েছিলেন দিনাজপুরের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সম্বিত সাহা সেতু। তিনি বলেন, ‘বইপড়া তো সব সময়ই দারুণ কাজ। আজকের এই বিশেষ দিনে রবীন্দ্রনাথকে চর্চা করছ তাঁর লেখা বইয়ে, এ দারুণ উদ্যোগ। খুবই চমৎকার। এভাবে পাঠচক্র সচল রেখো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর বন্ধুসভার সভাপতি মুনিরা শাহনাজ চৌধুরী, সহসভাপতি সাব্বির হাসান, সুব্রত সরকারসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা