নারীর কথা, নারীর শক্তি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর লিজা শারমিন
ছবি: বন্ধুসভা

নারী মানে মা, নারী মানে বোন-স্ত্রী-শিক্ষক-ছাত্রী, নারী মানে কর্মী। একজন নারী সমাজের কাছে অনেক রূপে পরিচিত। এই বৈচিত্র্য তুলে ধরতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভিডিও তথ্যচিত্র নির্মাণ করেছে ড্যাফোডিল বন্ধুসভা; যেখানে নিজেদের নেতৃত্ব, অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা ও অনুভূতি ব্যক্ত করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের নারীরা।

তথ্যচিত্র পরিচালনা করেন বন্ধু ইশরাত হিমা। সিনেমাটোগ্রাফি ও ভিডিও এডিটিং করেন বন্ধু জহিরুল ইসলাম। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সভাপতি মুসাভভির সাকির।

অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা ফাহমি হাসান
ছবি: বন্ধুসভা

তথ্যচিত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর লিজা শারমিনের কাছে প্রশ্ন ছিল—বিশ্ববিদ্যালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ও একজন নারী নেত্রী হিসেবে অন্যদের জন্য তাঁর কী বার্তা রয়েছে? জবাবে প্রফেসর লিজা শারমিন বলেন, ‘একজন নারী হওয়ার পূর্বে আমার ওপর যে দায়িত্ব রয়েছে তা গুরুত্বপূর্ণ। আমি নিজে একজন নারী হয়ে কখনো কোনো অতিরিক্ত সুবিধা ভোগ করিনি। আমি মনে করি, এই কাজটিই একজন নারীনেত্রী হিসেবে আমাকে সফল করে তোলে।’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও সফল নারী উদ্যোক্তা রাবিয়া ইসলাম
ছবি: বন্ধুসভা

অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা ফাহমি হাসানের কাছে প্রশ্ন ছিল—পারিবারিক জীবন এবং পেশাগত জীবনে কেমন প্রতিবন্ধকতা রয়েছে? জবাবে ফাহমি হাসান বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি প্রায় ১২ বছর হয়েছে। এর মধ্যেই আমি দুবার মা হওয়ার সৌভাগ্য পেয়েছি। তারপরও নিজের পরিবার ও অফিসের সহকর্মীদের সাহস ও সহযোগিতা আমার সব বাধা ও প্রতিবন্ধকতা দূর করার পথ আরও সহজ করে দিয়েছে।’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিরাপত্তাকর্মী শাপলা
ছবি: বন্ধুসভা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নারী উদ্যোক্তা রাবিয়া ইসলাম বলেন, ‘উদ্যোক্তা হওয়ার কথা যখন ভেবেছি, আমার পরিবার আমাকে মানসিকভাবে সহযোগিতা করেছে। আমার মতো সবাই হয়তো সহযোগিতা পাই না। তবে আমি বলতে চাই, যদি তুমি উদ্যোক্তা হতে চাও, নিজের গতিতে এগিয়ে যেতে হবে। কোনো প্রতিবন্ধকতার শিকার হলেও থেমে থাকা যাবে না।’

বিশ্ববিদ্যালয়ে নারীদের নিরাপত্তা ও তাঁদের উদ্দেশে বার্তা দেন নিরাপত্তাকর্মী শাপলা। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে থাকেন, তখন নিজেদের আইডি কার্ড পরিধান করার অনুরোধ জানাচ্ছি। আমার দায়িত্ব বেশির ভাগ সময় নারীদের হলকেন্দ্রিক থাকে। বিভিন্ন সময় ছাত্রীদের নানা সমস্যা থাকে। তখন আমরা সবাই মিলে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করি। ছাত্রীদের থেকেও আমরা সহযোগিতা আশা করি।’

সভাপতি, ড্যাফোডিল বন্ধুসভা