‘গাছের ছায়ায় ও মায়ায় সজীব থাকুক পৃথিবী’

জেলা শহরের গোপালবাড়ী এলাকার আড়াইআনী জমিদার বাড়ির পুকুর সংলগ্ন স্থানে শেরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিছবি: প্রথম আলো

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ৩০ আগস্ট সকালে জেলা শহরের গোপালবাড়ী এলাকার আড়াইআনী জমিদার বাড়ির পুকুরসংলগ্ন স্থানে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইগাতী আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক মলয় চাকী।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রভাষক মলয় চাকী বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু, আদি প্রাণ। গাছের ছায়ায় ও মায়ায় সজীব থাকুক পৃথিবী। গাছ পরিবেশ রক্ষা করে, আমাদের অক্সিজেন দেয়। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখতে ও সবুজ পৃথিবী গড়তে আমাদের বেশি করে গাছ লাগাতে ও সেগুলোর যত্ন নিতে হবে।’

পরে শেরপুর বন্ধুসভার বন্ধুরা শহরের গোপালবাড়ী, চাপাতলী, শেখহাটী ও নারায়ণপুর এলাকায় বিভিন্ন প্রজাতির প্রায় ১০০ গাছের চারা রোপণ ও বিতরণ করেন। পর্যায়ক্রমে আরও প্রায় ২০০ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

কর্মসূচিতে প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার সভাপতি রবিন সাহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রজত সাহা, সাংগঠনিক সম্পাদক আশিক সাহা জয়, দপ্তর সম্পাদক রুকন মিয়া, প্রশিক্ষণ সম্পাদক আয়ুব আলী, বইমেলা সম্পাদক সিরাজুল ইসলামসহ অনেক বন্ধু অংশ নেন।