জাতীয় পর্ষদের কার্যনির্বাহী সভায় নানা কর্মসূচি নিয়ে আলোচনা

জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৬–২৭–এর তৃতীয় কার্যনির্বাহী সভা।

দেশব্যাপী চলছে প্রথম আলো বন্ধুসভার সহমর্মিতার ঈদ কর্মসূচি। এরই মধ্যে কয়েকটি বন্ধুসভা সুবিধাবঞ্চিত শিশুদের রঙিন জামা ও তাদের পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে। অন্যান্য বন্ধুসভাও নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে। শিগগিরই তাদের উপহার পৌঁছে যাবে সমাজের পিছিয়ে পড়া নিম্ন আয়ের মানুষের কাছে। প্রতিবছরের ধারাবাহিকতায় জাতীয় পরিচালনা পর্ষদও এ বছর বড় পরিসরে ‘সহমর্মিতার ঈদ’ বাস্তবায়ন করবে। এরই মধ্যে নেওয়া হয়েছে প্রস্তুতি। বন্ধুসভা জাতীয় পর্ষদ ২০২৬–২৭–এর তৃতীয় কার্যনির্বাহী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

৪ মার্চ সন্ধ্যায় ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এ সভায় আরও আলোচনা হয়েছে অনারের সৌজন্যে অমর একুশে বইমেলা থেকে চলমান ‘বন্ধুর বই’ লাইভের অগ্রগতি, সারা দেশে বইমেলা আয়োজন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বন্ধুসভার জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ও অনুষ্ঠান, দেশের বিভিন্ন স্থানে ক্যারিয়ার–বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, সারা দেশ ও দেশের বাইরে সাংগঠনিক সফরের পরিকল্পনা, জাতীয় বন্ধু সমাবেশের স্মরণিকা প্রকাশের অগ্রগতি, বিগত মাসে দেশব্যাপী বন্ধুসভার কার্যক্রমের পর্যালোচনা এবং স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধবিষয়ক বই নিয়ে পাঠচক্র বিষয়ে।

বিশেষভাবে আলোচনা হয়েছে বন্ধুসভার উদ্যোগে দেশব্যাপী মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড আয়োজন নিয়ে। চলমান মার্চ মাসে এটি আয়োজন করা হবে। এটি বাস্তবায়ন নিয়ে সম্পাদকেরা তাঁদের মতামত ও পরিকল্পনা তুলে ধরেন। এর আগে সভাপতি জাফর সাদিকের সম্মতিক্রমে সভার সূচনা করেন সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি। শুরুতেই তিনি আলোচ্যসূচি তুলে ধরেন।

‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি নিয়ে আলোচনা করেন সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক, সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ, রুবাইয়াত সাইমুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা বুশরা ও কর্মসূচির সমন্বয়ক আশফাকুর রহমান।

জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৬–২৭–এর তৃতীয় কার্যনির্বাহী সভা।

‘বন্ধুর বই’ লাইভ ও বইমেলা আয়োজন নিয়ে কথা বলেন বইমেলা ও ম্যাগাজিন সম্পাদক সৌমেন্দ্র গোস্বামী। মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ও পাঠচক্র নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আশফাকুজ্জামান। সাংগঠনিক সফর নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি ও দপ্তর সম্পাদক আলাদিন আল আসাদ।

সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আশিকুজ্জামান অভি, সহসভাপতি ডা. রেদোয়ান মাহমুদ, অর্থ সম্পাদক শাকিব হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ডা. কাভী সিকান্দার আলম, প্রশিক্ষণ সম্পাদক ফারহান সাকিব, তথ্য ও যোগাযোগ সম্পাদক মাহফুজার রহমান, কার্যনির্বাহী সদস্য তাপসী রায়, নাঈমা সুলতানা ও আবরার জাহিন এবং ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ সম্রাট।