ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক আর প্রিয়জনদের সঙ্গে সুখ ভাগ করে নেওয়ার সময়। কিন্তু সমাজের অনেক শিশুর কাছে সেই আনন্দ সব সময় সমানভাবে পৌঁছায় না। সেই আনন্দটুকু সবার সঙ্গে ভাগ করে নিতে ‘সহমর্মিতার ঈদ’ আয়োজন করেছে ঢাবি লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভা।
১২ মার্চ বেলা দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তল্লাবাগ মাদ্রাসা ও এতিমখানার ২২টি শিশুকে ঈদের নতুন পোশাক উপহার দেন বন্ধুরা। শিশুদের মধ্যে কেউ কেউ কোরআন হিফজ শিখছে।
নতুন পোশাক হাতে পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে উচ্ছ্বাস আর আনন্দ। কেউ সঙ্গে সঙ্গেই পোশাকটি খুলে দেখে, কেউ আবার বন্ধুদের দেখিয়ে সেই আনন্দ ভাগ করে নেয়। শিশুদের সেই হাসিমাখা মুখই যেন আয়োজনটির সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে ওঠে।
মাদ্রাসার এক শিক্ষক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এবারের ঈদে মাদ্রাসার শিশুদের জন্য তেমন কোনো সহায়তা পাওয়া যায়নি। আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন। এমন সময়ে বন্ধুসভার এই উদ্যোগ যেন আল্লাহর পক্ষ থেকেই শিশুদের জন্য এক নিয়ামত হয়ে এসেছে।’ তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং সবার জন্য দোয়া করেন।
কর্মসূচি বাস্তবায়নের জন্য অর্থ সংগ্রহ করা হয় লেদার ইনস্টিটিউটের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছ থেকে। অনেকেই নাম প্রকাশ না করে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমেও আর্থিক সহায়তা প্রদান করেন। সবার সম্মিলিত সহযোগিতায় এটি সফলভাবে সম্পন্ন হয়।
কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছেন ঢাবি লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভার সভাপতি মহিব উল্ল্যাহ চৌধুরী, সহসভাপতি বহ্নি দে ও ওমর আবদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দা নিগার সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মৃণ্ময়ী রায় ও অর্ণব হাসান, সাংগঠনিক সম্পাদক মোন্তাসীর চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মুমতাহিনা শারমিন, অর্থ সম্পাদক সাব্বির রহমান, দপ্তর সম্পাদক মাহমুদ আল মাহিম, প্রচার সম্পাদক রিফা সানজিদা, সাংস্কৃতিক সম্পাদক দোলা রানী কুণ্ডু, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক প্রত্যাশা লাবণী, প্রশিক্ষণ সম্পাদক রাশনা শারমিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শহিদুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রানা হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক জয় পাল, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাকিব আহমেদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক প্রীতিলতা সরকার, ম্যাগাজিন সম্পাদক কানিজ ফাতেমা, বইমেলা সম্পাদক জাবির আল হাসান এবং জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সাদিয়া রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের শিক্ষক সবুর আহমেদ, বন্ধুসভার সিনিয়র অ্যালামনাই সদস্যরা ও মাদ্রাসা কর্তৃপক্ষ।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বন্ধুসভার পক্ষ থেকে আরও ৩৫টি শিশুকে এক বেলার ইফতারি, পড়ালেখায় আগ্রহী করার জন্য উপহারসামগ্রী ও ঈদসালামি দেওয়া হয়।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ঢাবি লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভা