‘দেশজুড়ে বিভিন্ন স্তরে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকলেও শিশু ও নারীর প্রতি সহিংসতা রোধে তা কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। দিন দিন এই সহিংসতার ধরন আগের চেয়ে আরও বীভৎস ও হিংস্র হয়ে উঠছে। বিশেষ করে শিশুদের প্রতি উদ্বেগজনক হারে নির্যাতন বেড়েছে। এখন শিশুরা কেবল ধর্ষণের শিকারই হচ্ছে না, ধর্ষকদের হাতে নির্মমভাবে খুনের শিকারও হচ্ছে।’
ভৈরব বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে দেশজুড়ে ধারাবাহিকভাবে শিশু ও নারীর ওপর নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা এ কথা বলেন। ২২ মে বিকেলে ভৈরব পৌর শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংহতি প্রকাশ করে ভৈরবের বিভিন্ন স্তরের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, নাট্যসংগঠকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ভৈরব বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের প্রচলিত আইন অপরাধীদের দ্রুত ও প্রত্যাশিত শাস্তির আওতায় আনতে না পারায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। মূলত এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক নির্মম ঘটনা ঘটছে। এ সময় তাঁরা অবিলম্বে ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে যুক্ত হয় এমবিশন পাবলিক স্কুল, ভৈরব উদয়ন স্কুল, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি (ভৈরব শাখা), কাকলি খেলাঘর আসর, হিউম্যান পিস সোসাইটিসহ ভৈরবের নানা শ্রেণি–পেশার মানুষ। অন্যায়ের বিরুদ্ধে ভৈরববাসীর এই সংহতি নিপীড়নবিরোধী লড়াইকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
ভৈরব উদয়ন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তাসরিন তাইবা, কাকলি খেলাঘর আসরের সীমা ও এমবিশন পাবলিক স্কুলের মাহাদীসহ উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা তাদের বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলে, ‘আমরা আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। বিচারহীনতার সংস্কৃতি ভেঙে অবিলম্বে প্রত্যেক ধর্ষক ও খুনির দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।’
প্রতিবাদ সভায় বক্তব্য দেন শিমুলকান্দি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কাজী জাফর, নাট্যসংগঠক সাগর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা জাহিদুল হক, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও বন্ধুসভার উপদেষ্টা আলাল উদ্দিন, গণমাধ্যমকর্মী খাইরুল ইসলাম, রক্তসৈনিক নজরুল ইসলাম ও প্রথম আলো ভৈরবের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।
এ ছাড়া বক্তব্য দেন গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির পরিচালক সালাহউদ্দিন হিমেল, এমবিশন পাবলিক স্কুলের শিক্ষক সামিউল হক, ভৈরব বন্ধুসভার সাবেক উপদেষ্টা রাকিব হোসাইন, সাবেক সভাপতি ইকরাম বখশ ও প্রিয়াংকা, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান ও সাধারণ সম্পাদক জিসানউল্লাহ আনাস।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভৈরব বন্ধুসভার সাবেক সভাপতি নাহিদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক রাহিম আহমেদ, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক মহিমা মেধা, অর্থ সম্পাদক মাজহারুল ইফতি, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বি, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, দপ্তর সম্পাদক আফিফুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক নূরাইন রামিম, বইমেলা সম্পাদক মাহমুদুল হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ভুবন আহমেদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্নেহা আলম, বন্ধু হাসিব, তুহিন, হিমু, তাহমিনাসহ অনেকে।
সভাপতি, ভৈরব বন্ধুসভা