লেখালেখির জগৎ অন্য রকম, কঠিন। নানা কাটাছেঁড়া ও বহু ব্যর্থ চেষ্টার পর কলম চলতে শুরু করে। ছোট্ট একটি ভাবনা থেকে সৃষ্টি হয় গল্প, কবিতা, উপন্যাস। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে লেখালেখির সাধারণ নির্দেশনা ধরিয়ে দেওয়ার জন্য কেউ এগিয়ে আসে না।
প্রথম আলো বন্ধুসভার যেসব বন্ধু লেখালেখি করেন তাঁদের ‘সাধারণ নির্দেশনা ধরিয়ে দেওয়ার’ ভাবনা থেকেই জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৩ সালে প্রথমবারের মতো আয়োজন করে লেখক বন্ধু উৎসব। ২০২৫ সালে আয়োজনের সঙ্গে অনলাইনে ‘লেখালেখি কর্মশালা’ও যুক্ত হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও ‘লেখক বন্ধু উৎসব–২০২৬’ হতে যাচ্ছে। ইতিমধ্যে অনুবাদ, গল্প, কবিতা, ফিচার ও সংবাদ বিষয়ে অনলাইনে লেখালেখি কর্মশালার চারটি ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
জুলাই মাসের ১০, ১৭, ২৭ ও ৮ আগস্ট অনুষ্ঠিত অনুবাদ, গল্প, কবিতা, ফিচার ও সংবাদ বিষয়ের ক্লাসে প্রশিক্ষক হিসেবে ছিলেন যথাক্রমে অনুবাদক ও কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন, কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক, কবি সাজ্জাদ শরিফ এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন। প্রায় ৩০০ জন লেখক বন্ধু এই কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রতিটি ক্লাসে নির্ধারিত আলোচনার পাশাপাশি প্রশিক্ষকেরা প্রশিক্ষণার্থীদের প্রশ্নেরও উত্তর দেন।
ভ্রমণ ও বাণিজ্য–সংশ্লিষ্ট বিষয়ে লেখেন এ কে এম সাহিদ রেজা। কর্মশালায় যুক্ত হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘নতুন লেখক তৈরিতে উৎসাহ সৃষ্টির কর্মশালাটি অত্যন্ত চমৎকার গোছানো আয়োজন ছিল। আলোচক বক্তারা বেশ ধৈর্য নিয়ে লম্বা সেশন করেছেন, তাঁদের অভিজ্ঞতা, সফলতার কলাকৌশল বলেছেন এবং অংশগ্রহণকারীদের কৌতূহলের উত্তর দিয়েছেন। বন্ধুসভাকে ধন্যবাদ।’ পরবর্তী আয়োজনে ভ্রমণ বিষয়টিকেও কর্মশালায় যুক্ত করার অনুরোধ জানান তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে কর্মশালায় যুক্ত হয়েছিলেন কবি বেনজির শিকদার। তাঁর কণ্ঠেও মিলল একই সুর। বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘অনলাইন আয়োজন হলেও প্রতিটি ক্লাস ছিল আন্তরিক, প্রাণবন্ত ও উপভোগ্য। অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখার সুযোগ হয়েছে। এই কর্মশালা একটি মূল্যবান অভিজ্ঞতা হয়ে থাকবে।’কর্মশালার সমাপনী পর্বে যুক্ত হয়ে প্রশিক্ষণার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। পরবর্তী সময়ে আরও বিস্তৃত পরিসরে লেখালেখি কর্মশালার আয়োজন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সফলভাবে কর্মশালা শেষ করতে পেরে প্রশিক্ষণার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করেন। বন্ধুসভার এই উদ্যোগ অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি তাঁদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আরও বড় পরিসরে ভিন্ন ভিন্ন বিষয়ে কর্মশালার আয়োজন করা হোক— প্রত্যাশা অংশগ্রহণকারীদের।
২৮ আগস্ট, কারওয়ান বাজারের প্রথম আলোর সভাকক্ষে অনুষ্ঠিতব্য লেখক বন্ধু উৎসব বিষয়েও সমাপনী পর্বে আলোচনা হয়। চারটি ক্লাসের উপস্থিতি ও কর্মশালা মূল্যায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কর্মশালার নির্বাচিতরা লেখক বন্ধু উৎসবে অংশগ্রহণ করবেন। উৎসবে নির্ধারিত বিষয়ে কর্মশালা, লেখক বন্ধু আড্ডা, লেখক–প্রকাশক মতবিনিময়, সেরা ‘লেখক বন্ধু পুরস্কার’সহ নানা আয়োজন থাকবে।
আহ্বায়ক, লেখক বন্ধু উৎসব ২০২৬