রায়গঞ্জে অদম্য মেধাবী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার অদম্য মেধাবী শিক্ষার্থী এবং বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী ও বন্ধুসভার বন্ধুদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে রায়গঞ্জ বন্ধুসভা। ‘ভালোর সঙ্গে আলোর পথে’ প্রতিপাদ্যে গত ৩০ মে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী ডিগ্রি কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদারের সভাপতিত্বে এবং রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি ও কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতোর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন আমন্ত্রিত অতিথি, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার অদম্য মেধাবী শিক্ষার্থী এবং বন্ধুসভার বন্ধুরা।

অনুষ্ঠানে উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার অতিরিক্ত পরিচালক খ ম রেজাউল করিম বলেন, ‘রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার অদম্য মেধাবীদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রথম আলো ট্রাস্ট। এটি এখন আমাদের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। এ ট্রাস্টের সহায়তায় উচ্চমাধ্যমিক পর্যায় থেকে স্নাতক (সম্মান) পর্যন্ত এ দুই উপজেলার অনেক অদম্য মেধাবী পড়ালেখার সুযোগ পাচ্ছে।’ এ জন্য তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানান।

রায়গঞ্জ বন্ধুসভার উদ্যোগে অদম্য মেধাবী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী
ছবি: বন্ধুসভা

খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সেলিনা আহমেদ বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার আয়োজনে একসঙ্গে অনেক মেধাবী মুখ দেখার সুযোগ হলো। এই শিক্ষার্থীরা আগামী দিনে সুন্দর রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা গঠনের জন্য কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করি।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য বন্ধুত্বের পাশাপাশি পড়ালেখা চালিয়ে যেতে হবে। যন্ত্রের ব্যবহার কমিয়ে মানবিক গুণাবলি অর্জন করতে হবে। বন্ধুসভার এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভাপতির বক্তব্যে নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা ও প্রথম আলো ট্রাস্টের বিভিন্ন ইতিবাচক কথা অনেক শুনেছি, আজ এখানে এসে বুঝতে পারলাম। রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার অদম্য মেধাবীদের পাশে দাঁড়িয়ে প্রথম আলো যে উদাহরণ সৃষ্টি করেছে, তা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছি।’

আয়োজনের প্রশংসা করে নিমগাছী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সঞ্জীব কুমার মাহাতো বলেন, ‘রায়গঞ্জ বন্ধুসভা অদম্য মেধাবীদের নিয়ে সুন্দর একটা মিলনমেলার আয়োজন করেছে। এ উদ্যোগে অংশ নিয়ে নিজেকে গৌরবান্বিত মনে করছি। এই মেধাবী মুখেরা আগামী দিনে পরিবারের পাশাপাশি এলাকার জন্য গৌরব বয়ে আনবে বলে বিশ্বাস করি।’

সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইশরাত জাহান বলেন, ‘প্রথম আলো পত্রিকা আমাকে পড়াশোনাসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দিয়েছে। প্রথম আলো বন্ধুসভা আমাকে অনেক কিছু শিখিয়েছে, রায়গঞ্জ বন্ধুসভা আমার পাশে থেকেছে। তাই তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

অদম্য মেধাবীদের বিশেষ সম্মাননা প্রদান
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিমগাছী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান আলী ও এইচ এম শহিদুল ইসলাম তালুকদার, ধানগড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক শিশির কুমার দাস, ইউনিভার্স একাডেমির শিক্ষক আলহাজ উদ্দিন আহমেদ, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ কুমার মোদক, রান্ডিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিতাভ সাহা, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, মিসাবের সভাপতি সৌরভ কুমার মাহাতো, রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও শিক্ষক রাকিবুল হাসান, উদ্যোক্তা মেহেদী হাসান, সলঙ্গা মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক সুমন পাল, বিলচণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মমতাজ মহল, রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর খান, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটির শিক্ষার্থী সায়ন্তন শাহীন প্রমুখ।

অদম্য মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রভাষক রায়হান আজাদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সোনালী ব্যাংক পিএলসি লক্ষ্মীপুর শাখার কর্মকর্তা অলোক কুমার মাহাতো, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুলক কুমার মাহাতো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশুতোষ কুমার মাহাতো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সাহা এবং টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থী সাধনা রানী মাহাতো।

অনুষ্ঠানে অদম্য মেধাবী ইশরাত জাহান, অলক কুমার মাহাতো, রায়হান আজাদ, মেহেদী হাসান, তানজিলা খাতুন ও আশুতোষ কুমার মাহাতোকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

সভাপতি, রায়গঞ্জ বন্ধুসভা