স্কুলশিক্ষার্থীদের নিয়ে ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্রের আসর
পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। দিনটি বাংলাদেশে বাংলা নববর্ষ হিসেবে উদ্যাপিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব। আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় বাংলা নববর্ষ।
বাংলা নববর্ষের ইতিহাস, সংস্কৃতি ও দেশপ্রেম নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ৯ এপ্রিল দুপুরে পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এটি অনুষ্ঠিত হয়। এতে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির ৪০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পাঠচক্রে পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ নিয়ে আলোচনায় অংশ নেয় শিক্ষার্থীরা। তাদের মধ্যে তিনজনকে সেরা আলোচক হিসেবে বই উপহার দেওয়া হয়। তারা হলো সুজানা আক্তার, তাজরি ইসলাম ও মো. আবদুল্লাহ।
ঝালকাঠি বন্ধুসভার সভাপতি শাকিল হাওলাদারের সভাপতিত্বে পাঠচক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. আবদুর সবুর। অন্যদের মধ্যে ছিলেন উপদেষ্টা ও কবি মু. আল আমীন বাকলাই, উপদেষ্টা ও শিক্ষক হামিদা খানম, সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত দাশ, বর্তমান সাধারণ সম্পাদক রাহাত মাঝি, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির, প্রচার সম্পাদক শাহরিয়ার ইসলাম, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শাহিন আলম, কার্যনির্বাহী সদস্য শাহরিয়া পাপনসহ অন্য বন্ধুরা।