সকাল থেকে সুর্যি মামার দেখা মেলেনি। কুয়াশার চাদরে ঢেকে ছিল পুরো শহর। সঙ্গে বইছিল তীব্র বাতাস। এসব উপেক্ষা করে ১২ জানুয়ারি বেলা ৩টায় নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা একে একে জড়ো হন জেলা কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন মুক্তমঞ্চে। উদ্দেশ্য জানুয়ারি মাসের প্রথম বৈঠক এবং দ্বিতীয় পাঠচক্রে অংশগ্রহণ। পাঠচক্রের বিষয় ছিল সাহিত্যিক সত্যেন সেনের ‘মসলার যুদ্ধ’ বইটি।
‘মসলার যুদ্ধ’ নামটা শুনলেই মনে হয় মসলার আবার কিসের যুদ্ধ। মসলার যুদ্ধ মূলত মসলাকে কেন্দ্র করে যুদ্ধ। ছোট্ট এই বইয়ে সত্যেন সেন ইতিহাসের একটি পুরোনো অধ্যায়কে খুব মনোজ্ঞভাবে উপস্থাপন করেছেন।
মসলার বাণিজ্য করে কালিকট রাজ্য একসময় সমৃদ্ধি লাভ করেছিল। সেই সমৃদ্ধি দৃষ্টি আকর্ষণ করেছিল পর্তুগিজদের। পঞ্চদশ শতকে কালিকটে অধিকার বিস্তারের উদ্দেশ্যে তারা অভিযান শুরু করে। কালিকট ছাড়াও মসলার উৎপাদন বিস্তৃত হয়েছিল পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে। পর্তুগিজদের দেখানো পথ ধরে পরবর্তী সময়ে সেখানে আসে ওলন্দাজ, ডাচ ও ফরাসিরা। সবশেষে সপ্তদশ শতাব্দীতে এসেছিল ইংরেজরা।
মসলার লোভে ইউরোপীয় শক্তিসমূহের অভিযান এবং ভারত ও পূর্বভারতীয় দ্বীপপুঞ্জে তাদের উপনিবেশ স্থাপনের বিচিত্র কাহিনি এই গ্রন্থে অত্যন্ত চিত্তাকর্ষকরূপে বিবৃত হয়েছে। শুধু ইতিহাসের তথ্য নয়, এর অন্তরালবর্তী সত্যই লেখককে আকর্ষণ করেছে বেশি। তাই যেসব শক্তি ইতিহাসের ধারাকে গতি দেয়, সেগুলো উদ্ঘাটন করেছেন লেখক। একদিকে উপনিবেশ স্থাপন ও সাম্রাজ্য বিস্তার, কুৎসিত লোভ ও বর্বর অন্যায়, মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণের প্রচেষ্টা; অন্যদিকে আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতা রক্ষার সংগ্রাম, দেশীয় শক্তি ও সম্পদ বাঁচিয়ে রাখার প্রচেষ্টা, বেঁচে থাকবার প্রাণান্ত প্রয়াস। ‘মসলার যুদ্ধ’ তারই ইতিবৃত্ত।
পাঠচক্রের শুরুতেই বন্ধুরা একে একে বইটির বিষয়ে তাঁদের অনুভূতি প্রকাশ করেন এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভাপতি আসিফ আহমেদ, সাধারণ সম্পাদক উম্মে ফারহিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আফরিনা আনিকা, বন্ধু আবিদ উল হক এবং শাহাদাত হোসেন বইটির সারসংক্ষেপ উপস্থাপন করেন।
পাঠচক্রের আসরে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সুমন নুর, সহসাংগঠনিক সম্পাদক তাজকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নাহিদা সুলতানা, ম্যাগাজিন সম্পাদক নাফিস আহমেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নুসরাত জাহানসহ অন্য বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা