সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ নিয়ে পাঠের আসর

জাবি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

নারীর জীবনসংগ্রাম, আত্মপরিচয়ের সন্ধান ও প্রতিকূলতার বিরুদ্ধে এগিয়ে চলার গল্প-সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ উপন্যাসে উঠে এসেছে এমন নানা বিষয়। কেন্দ্রীয় চরিত্র দীপাবলির জীবনকে ঘিরে রচিত এ উপন্যাসে নারীর আত্মনির্ভরতা, সামাজিক বৈষম্য, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, সম্পর্কের টানাপোড়েন ও ব্যক্তিস্বাধীনতার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাপ্তাহিক পাঠচক্রে আলোচনা হয়েছে সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ উপন্যাস। গত ২৬ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। আলোচক ছিলেন প্রচার সম্পাদক অরুণিমা পাল।

শুরুতে ‘সাতকাহন’ উপন্যাসের কাহিনি, পটভূমি ও প্রধান চরিত্র দীপাবলির জীবন নিয়ে আলোচনা করা হয়। শৈশব থেকে বেড়ে ওঠার বিভিন্ন পর্যায়ে দীপাবলির সংগ্রাম, নিজের পরিচয় ও অবস্থান তৈরি করার চেষ্টা এবং সামাজিক নানা প্রতিকূলতার সঙ্গে তার লড়াই উঠে আসে আলোচনায়।

উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না বলেন, উপন্যাসের দীপাবলি শুধু একটি চরিত্র নয়; তার জীবন ও সংগ্রামের মধ্য দিয়ে সমাজে নারীর অবস্থান, প্রচলিত সামাজিক ধারণা এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার আকাঙ্ক্ষার নানা দিক ফুটে উঠেছে। একই সঙ্গে ব্যক্তিস্বাধীনতা ও আত্মনির্ভরতার পথে একজন নারীর সামনে থাকা নানা বাধাও উপন্যাসটিতে উঠে এসেছে।

আলোচনায় নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, পুরুষতান্ত্রিক কাঠামো, সম্পর্কের জটিলতা ও সামাজিক বৈষম্য নিয়েও মতবিনিময় করেন বন্ধুরা। একই সাহিত্যকর্মকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ তৈরি হওয়ায় পাঠচক্রে উঠে আসে নানা পাঠ-অনুভূতি ও মতামত।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সৈয়দ সালমান হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অনুপ সরকার, সাংগঠনিক সম্পাদক সিফাত আরেফিন, অর্থ সম্পাদক পারভেজ মোশাররফ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হাছানুজ্জামান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মারিয়া মুরাদ, বন্ধু শারিকা জাহির, দ্বীপ তৈমুরসহ অনেকে।

এদিকে একই সময়ে সেলিম আল দীন মুক্তমঞ্চের অন্য প্রান্তে সাভার বন্ধুসভার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ও সাভার বন্ধুসভার বন্ধুদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়।

মুক্তমঞ্চের খোলা পরিবেশ ও বিকেলের মনোরম আবহাওয়ায় পাঠচক্রে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। আনুষ্ঠানিক আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন বন্ধু মোহাম্মদ হাছানুজ্জামান ও অরুণিমা পাল।

স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, জাবি বন্ধুসভা