স্বপ্ন কখনো শুধু কল্পনা নয়; কখনো কখনো তা মানুষকে অজানা পথের দিকে পা বাড়ানোর সাহস জোগায়। নিজের স্বপ্নকে খুঁজে পাওয়ার সেই যাত্রায় প্রয়োজন বিশ্বাস, ধৈর্য আর বারবার ফিরে দাঁড়ানোর শক্তি। স্বপ্ন, অনুসন্ধান, হারিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত নিজেকে খুঁজে পাওয়ার এমনই এক গল্প নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসরে আলোচনা করা হয়েছে পাওলো কোয়েলহোর বিশ্বখ্যাত উপন্যাস ‘দ্য অ্যালকেমিস্ট’।
১৩ আগস্ট বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি ১০ নম্বর কক্ষে (বন্ধুসভা কক্ষ) অনুষ্ঠিত হয় এবারের পাঠচক্র। আলোচক হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
পাওলো কোয়েলহোর ‘দ্য অ্যালকেমিস্ট’ আন্দালুসিয়ার তরুণ রাখাল সান্তিয়াগোর নিজের স্বপ্নের সন্ধানে বেরিয়ে পড়ার গল্প। মিসরের পিরামিডের কাছে গুপ্তধনের স্বপ্ন তাকে পরিচিত জীবন ছেড়ে অজানা পথে যেতে উদ্বুদ্ধ করে। পথে নানা মানুষের সঙ্গে পরিচয়, প্রতিকূলতা, হারানোর অভিজ্ঞতা ও নতুন উপলব্ধির মধ্য দিয়ে সে শেখে—নিজের স্বপ্নের পথে এগিয়ে চলাই জীবনের অন্যতম বড় শিক্ষা।
পাঠচক্রে বইটির ঘটনাপ্রবাহ, চরিত্র ও জীবনদর্শন নিয়ে আলোচনা হয়। স্বপ্ন অনুসরণের সাহস, ব্যর্থতা থেকে শিক্ষা, প্রতিকূলতার মধ্যেও লক্ষ্যে অবিচল থাকা এবং জীবনের ছোট ছোট সংকেত উপলব্ধির বিষয়গুলো উঠে আসে। আলোচক আনোয়ার হোসেনের প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নিজেদের জীবনদর্শনের আলোকে বইটির প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
এ সময় বন্ধু হাসান বলেন, ‘মানুষ যখন আন্তরিকভাবে কোনো স্বপ্নের পেছনে ছুটতে শুরু করে, তখন একসময় পথও তার সামনে খুলে যেতে থাকে। ইচ্ছা, চেষ্টা আর বিশ্বাসের জোরে অসম্ভবকেও সম্ভব করে তোলা যায়।’ একই বইকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপলব্ধির মধ্য দিয়ে তৈরি হয় প্রাণবন্ত মতবিনিময়ের পরিবেশ।
পাঠচক্রে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সৈয়দ সালমান হাসান, সাবেক সাধারণ সম্পাদক অনুপ সরকার, প্রচার সম্পাদক অরুণিমা পাল, অর্থ সম্পাদক পারভেজ মোশাররফ, সাংগঠনিক সম্পাদক সিফাত আরেফিন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান, বন্ধু নুজহাত ঐশি, হৃদ্ধিত রনিতাসহ অনেকে।
আলোচনা শেষে পাঠচক্রের আনুষ্ঠানিক পর্ব শেষ হলেও অরুণিমা ও হাসানের গানের সুরে মুখর হয়ে ওঠে টিএসসি ১০ নম্বর কক্ষ। বইয়ের পাতা থেকে উঠে আসা স্বপ্ন আর জীবনদর্শনের আলোচনা শেষ হয় গান, বন্ধুত্ব ও সুন্দর এক বিকেলের স্মৃতি নিয়ে।
প্রচার সম্পাদক, জাবি বন্ধুসভা