কাতার বন্ধুসভার ঈদ উপহার পেল ৩২৩ শিশু ও তাদের পরিবার

প্রথম ধাপে সিলেট জেলার টিলাগড় ইকো পার্ক এলাকায় ঈদ উপহার বিতরণ
ছবি: বন্ধুসভা

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি বাস্তবায়ন করেছে কাতার বন্ধুসভা। এর অংশ হিসেবে তিন ধাপে ৩২৩ শিশুকে নতুন পোশাক ও তাদের পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।

প্রথম ধাপে ১৮ মার্চ সিলেট জেলার টিলাগড় ইকো পার্ক এলাকায় ১৬০ জনের মধ্যে উপহার বিতরণ করা হয়। কাতার বন্ধুসভা ও সিলেট বন্ধুসভার যৌথ উদ্যোগে এগুলো বিতরণ করেন বন্ধুরা। উপস্থিত শিশুদের মধ্যে ঈদের নতুন জামাকাপড় এবং তাদের অভিভাবকদের হাতে সেমাই, দুধ, চিনি ও ময়দার ফুডপ্যাক উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

দ্বিতীয় ধাপে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের দক্ষিণ রায়গড়ে অবস্থিত আল নূর একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ
ছবি: বন্ধুসভা

দ্বিতীয় ধাপে ১৯ মার্চ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের দক্ষিণ রায়গড়ে অবস্থিত আল নূর একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৮৩ শিশুকে নতুন পোশাক উপহার দেওয়া হয়। কাতার বন্ধুসভার নিজস্ব উদ্যোগে প্রতিটি শিশুর সাইজ অনুযায়ী তুব পাঞ্জাবি সেলাই করে দেওয়া হয়। পাশাপাশি টুপি প্রদান করা হয়। এ ছাড়া ঈদের সকালের নাশতার জন্য সেমাই, ময়দা, চিনি ও দুধ বিতরণ করা হয়, যাতে শিশুরা আনন্দের সঙ্গে ঈদের দিন শুরু করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন কাতার বন্ধুসভার উপদেষ্টা আবজাল আহমেদ ও সভাপতি শাকিল আহমেদ। তাঁরা নিজ হাতে এতিম শিশুদের মধ্যে উপহার তুলে দেন, যা অনুষ্ঠানে এক মানবিক ও আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

ঈদের সকালের নাশতার জন্য সেমাই, ময়দা, চিনি ও দুধ বিতরণ করা হয়
ছবি: বন্ধুসভা

তৃতীয় ধাপে ২০ মার্চ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে অসচ্ছল পরিবারের ৮০ শিশুর মধ্যে ঈদের উপহার বিতরণ করা হয়। ছেলেদের জন্য পাঞ্জাবি এবং মেয়েদের জন্য ঈদের নতুন জামা প্রদান করা হয়, যাতে তারা আনন্দের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারে। পাশাপাশি আরও ৯০ জন মানুষের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে কাতার বন্ধুসভার উপদেষ্টা আবজল আহমেদ বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশু ও সাধারণ মানুষের মুখে ঈদের হাসি ফুটিয়ে তুলতে পারাই আমাদের এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।’

তৃতীয় ধাপে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে অসচ্ছল পরিবারের শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ
ছবি: বন্ধুসভা

সভাপতি শাকিল আহমদ বলেন, এবার কাতার বন্ধুসভার উদ্যোগে সহমর্মিতার ঈদ কয়েক ধাপে বাস্তবায়ন করা হয়েছে। কাতারপ্রবাসী দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতেও এমন মানবিক ও সামাজিক কর্মসূচি অব্যাহত রাখবে কাতার বন্ধুসভা।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে উপজেলার ৫ নম্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাসান আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী শামিম আহমদ উপস্থিত থেকে কার্যক্রমে সমর্থন ও উৎসাহ প্রদান করেন। কার্যক্রম বাস্তবায়নে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করেন মিজানুর রহমান, মাসুম আহমেদ, জাকির হোসেনসহ অনেকে।

প্রচার সম্পাদক, কাতার বন্ধুসভা