প্রয়াণদিবসে কবি শামসুর রাহমান স্মরণে পাঠচক্রের আসর

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসর।

কবি শামসুর রাহমানের প্রয়াণদিবস উপলক্ষে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৭ আগস্ট রাতে ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে কবি শামসুর রাহমানের কালজয়ী কবিতা ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ পাঠ ও আলোচনা করা হয়। কবিতাটির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার আকাঙ্ক্ষা, ত্যাগ এবং একটি স্বাধীন দেশের স্বপ্নের নানা দিক নিয়ে অংশগ্রহণকারীরা আলোচনা করেন।

বন্ধু ইসনাইন বলেন, ‘শামসুর রাহমানের কবিতায় স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এটি বাঙালির দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও স্বপ্নের প্রতিচ্ছবি। “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা” কবিতাটি আমাদের সেই ইতিহাসের সামনে দাঁড় করিয়ে দেয়।’

বন্ধু আদ্রিতা বলেন, ‘কবিতাটির প্রতিটি অনুভূতিতে স্বাধীনতার জন্য মানুষের আকাঙ্ক্ষা ও আত্মত্যাগ ফুটে উঠেছে। শামসুর রাহমান খুব সহজ অথচ শক্তিশালী ভাষায় একটি জাতির স্বপ্নকে কবিতায় ধারণ করেছেন।’

বন্ধু হাসান করিম বলেন, ‘শামসুর রাহমানের কবিতা আমাদের ইতিহাস ও চেতনাকে নতুন করে অনুভব করতে শেখায়। “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা” আজও আমাদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক।’

সভাপতি জাহিদ হাসান বলেন, ‘শামসুর রাহমান বাংলা কবিতায় স্বাধীনতা, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য কণ্ঠস্বর। তাঁর কবিতা নতুন প্রজন্মকে আমাদের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে পরিচিত হতে অনুপ্রাণিত করে।’

পাঠ আলোচনার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা কবির সাহিত্যকর্ম, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলা কবিতায় তাঁর অবদান স্মরণ করেন।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা