‘বন্ধুরা এক হলে সবকিছু সম্ভব’

ঠাকুরগাঁও বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৬–এর পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠানছবি: বন্ধুসভা

কার্যনির্বাহী কমিটি ২০২৬–এর পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান করেছে ঠাকুরগাঁও বন্ধুসভা। ১ ফেব্রুয়ারি সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার সূচনা হয়। এরপর কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় এবং উপদেষ্টাদের বরণ করে নেন অতিথিরা।

বিগত বছরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করে সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বন্ধুসভা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে নিজের প্রতিভা বিকাশ করা যায়। সবার সামনে নিজেকে উপস্থাপন করা যায়। আমরা প্রতিভাকে লালন করি এবং নিজের সৃজন কাজের মধ্য দিয়ে দেশ ও সমাজের উন্নয়নের ভূমিকা রাখি।’

সহসভাপতি রাবিয়া হাসি বলেন, ‘বন্ধুসভায় আমরা সবাই বন্ধু। বন্ধুত্বের কোনো বয়স হয় না, রং হয় না, বর্ণ হয় না; বন্ধুত্ব হয় শুধু অনন্ত অসীম। বন্ধুরা এক হলে সবকিছু সম্ভব। আমরা এই বন্ধুত্বের শক্তিকে কাজে লাগিয়ে ভালো কাজ করব, নিজেকে বিকশিত করব, তথা দেশকে বিকশিত করব।’

উপদেষ্টারা বলেন, ঠাকুরগাঁও বন্ধুসভা ইতিবাচক পরিবর্তন আনতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তরুণদের নেতৃত্ব বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে বন্ধুসভার ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বন্ধুসভা আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সভায় ২০২৬ সালের জন্য বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে শিক্ষাসহায়ক কর্মসূচি, সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক সহায়তা, পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণ, মাদক ও সামাজিক অবক্ষয়বিরোধী সচেতনতামূলক আয়োজন, তারুণ্যভিত্তিক নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন কর্মশালা, পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও মুক্তচিন্তা চর্চাবিষয়ক উদ্যোগ। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান বন্ধুরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা. শুভেন্দু কুমার দেবনাথ, আইনজীবী আবু নাঈম, মাহাবুব রায়হান, জোবাইদুল হক স্বপন ও আহসানুল্লাহ রিঙ্কু; সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আলিফ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তপু রায়, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক  মাহাফুজা ফারিহা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফারহানা উর্মি, ম্যাগাজিন সম্পাদক রুদ্র মহন্ত, কার্যনির্বাহী সদস্য বিথি আক্তার, বন্ধু নুসরাত জাহান, আল নাফিস চৌধুরী প্রমুখ।

সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা