সুশিক্ষায় নারীর মুক্তি

আন্তর্জাতিক নারী দিবসে গাজীপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল আলোচনা সভা।

‘সুশিক্ষায় নারী মুক্তি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভা করেছে গাজীপুর বন্ধুসভা। ৮ মার্চ রাত ১০টায় এটি অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তানিয়া আক্তারের সঞ্চালনায় সভার আলোচ্য বিষয় ছিল নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়নের গুরুত্ব। মূল আলোচক হিসেবে যুক্ত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা।

মাহমুদা বুশরা বলেন, ‘অনেক সময় পরিবারের চাপে মেয়েরা মুখ বুজে নানা ধরনের অন্যায়–অবিচার সহ্য করে যান। সমাজের তথাকথিত লক্ষ্মী মেয়ে হয়ে থাকার প্রত্যাশা পূরণ করতে করতে ধীরে ধীরে আমাদের ভেতরের আত্মমর্যাদা ও নিজস্বতা হারিয়ে যেতে থাকে। কিন্তু সুশিক্ষা মানুষকে শুধু বইয়ের জ্ঞান দেয় না, বরং নিজেকে চেনার শক্তি দেয়, নিজের চারপাশের পরিবেশকে বোঝার সক্ষমতা তৈরি করে। সুশিক্ষা আমাদের শেখায় অযৌক্তিক চাপের সামনে নীরব না থেকে নিজের মনের কথা সাহসের সঙ্গে প্রকাশ করতে। একই সঙ্গে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোথায়, কখন এবং কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, সেই বোধও গড়ে তোলে।’

আন্তর্জাতিক নারী দিবসে গাজীপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল আলোচনা সভা।

গাজীপুর বন্ধুসভার উপদেষ্টা অসীম বিভাকর বলেন, ‘সুশিক্ষা শুধু নারীর নয়, বরং সবার মুক্তির পথ। আমাদের সমাজে নারীরা অনেক সময় অর্থনৈতিক ও পারিবারিকভাবে শোষণের শিকার হন। এই অবস্থা থেকে মুক্তির অন্যতম উপায় হলো সুশিক্ষা। কারণ, নারীরাই একটি সংসার গড়ে তোলেন; একজন শিক্ষিত নারী পরিবার ও সমাজ—দুটিকেই সুন্দর করতে পারেন। নারীর শিক্ষা তখনই সত্যিকার অর্থে মূল্য পায়, যখন তার পাশে থাকা পুরুষটিও শিক্ষিত, সচেতন ও মানবিক হয়। তখনই নারী নিজেকে সত্যিকার অর্থে একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।’

বন্ধু ফাতেমা তুজ জোহরা বলেন, ‘আজকের নারী আর পিছিয়ে নেই। তারা শিক্ষা ও মেধার মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছে। আমাদের দায়িত্ব হলো নারীদের জন্য একটি নিরাপদ ও সমান সুযোগের পরিবেশ তৈরি করা, যাতে তারা নিজেদের সম্ভাবনাকে পুরোপুরি বিকশিত করতে পারে।’

সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল ইসলাম, সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, প্রচার সম্পাদক টুটুল সিকদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক আফরা আনজুম, বন্ধু মারুফ আল গালিব, পূজা রায়সহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা