‘আমরা চাই ঈদের আনন্দ সব ঘরে সমানভাবে পৌঁছাক’

চকরিয়া বন্ধুসভার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের রঙিন জামা ও তাদের পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়ছবি: বন্ধুসভা

‘ঈদ আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে’ স্লোগানে কক্সবাজারের চকরিয়ায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সহমর্মিতার ঈদ’ ও ইফতার মাহফিল। এর অংশ হিসেবে ১৩ মার্চ বিকেলে চকরিয়া সরকারি কলেজ স্মৃতিসৌধ প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের রঙিন জামা ও তাদের পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করেছে চকরিয়া বন্ধুসভা। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর চকরিয়া-পেকুয়া প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এস এম হানিফ। তিনি বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সব সময়ই সমাজের মানুষের কল্যাণে কাজ করে। “সহমর্মিতার ঈদ” কাউকে কোনো সহায়তা বা করুণা নয়, বরং এটি আমাদের আশপাশের মানুষের প্রতি বন্ধুসভার ভালোবাসার উপহার এবং মানবিক দায়িত্বের প্রকাশ। আমরা চাই ঈদের আনন্দ সব ঘরে সমানভাবে পৌঁছাক।’

চকরিয়া বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ ও ইফতার মাহফিল
ছবি: বন্ধুসভা

উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সুবিধাবঞ্চিত মানুষেরা। একজন বলেন, ‘ঈদের আগে ছেলেমেয়েদের জন্য নতুন কাপড় আর সেমাই-চিনি পেয়ে আমরা খুব খুশি। এবার সবাই মিলে ভালোভাবে ঈদ কাটাতে পারব। যাঁরা আমাদের কথা ভেবে এই উপহার দিয়েছেন, আল্লাহ তাঁদের ভালো করুন।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ইন্দ্রজিৎ বড়ুয়া, তূর্ণা নিশিতা বড়ুয়া, আজিজুল হক, নারায়ণ কান্তি, সাবেক সহসভাপতি জাহেদুল আলম, সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক আরমান রাফিসহ অন্য বন্ধুরা।

উপহার বিতরণ শেষে আমন্ত্রিত অতিথি, সুবিধাবঞ্চিত পরিবারের সদস্য এবং বন্ধুসভার বন্ধুরা একসঙ্গে বসে ইফতার করেন।

সাধারণ সম্পাদক, চকরিয়া বন্ধুসভা