‘নতুন জামা প্যায়ে ভালো লাগোছে’

নওগাঁ বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

‘মার কাছে এবার ঈদত নতুন জামা চাইছিনু। মা বলেছে, টাকা নাই। এবার পুরানা জামা পরেই ঈদ করা লাগবে। তখন মন খারাপ হছিল। কিন্তু এখন নতুন জামা প্যায়ে ভালো লাগোছে। হামিও নতুন জামা পরে ঈদ করমু।’

নওগাঁ বন্ধুসভার পক্ষ থেকে ঈদের নতুন পোশাক উপহার পেয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করে ৮ বছর বয়সী শিশু সাদ্দাম হোসেন। ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে তার মতো এমন অসচ্ছল পরিবারের ৩৫ শিশুকে ঈদের নতুন জামা উপহার দেন বন্ধুরা।

শিশুদের হাতে মেহেদি এঁকে দেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

১৩ মার্চ বেলা ১১টার দিকে নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়ায় প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এগুলো বিতরণ করা হয়। এ সময় বন্ধুরা শিশুদের নতুন জামা পরিয়ে দেন। পাশাপাশি শিশুদের হাতে মেহেদি এঁকে দেন। একটি করে মেহেদি টিউবও উপহার দেওয়া হয়।

বন্ধুসভার বন্ধুরা নিজেদের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করেন
ছবি: বন্ধুসভা

বন্ধুসভার বন্ধুরা নিজেদের টাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা ওমর ফারুক, নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সানম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক আসমা খাতুন, সাংগঠনিক সম্পাদক রায়হান আলম, অর্থ সম্পাদক নাফিস আরা পপি, কার্যনির্বাহী সদস্য রাবেয়া খাতুন ও সেন্টু আনছারী, সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

সভাপতি সিদ্দিকুর রহমান জানান, তাঁরা প্রতিবছর শিশুদের ঈদের উপহার হিসেবে রঙিন জামা দিয়ে থাকেন। পাশাপাশি ঈদের দিনের জন্য সেমাই, চিনি, ময়দা ও দুধ কিছু পরিবারকে দিয়ে থাকেন।

সাংগঠনিক সম্পাদক, নওগাঁ বন্ধুসভা