‘একাত্তরের স্মৃতি’ বই নিয়ে পাঠচক্র

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার ভবনে শাবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রছবি: নুর হাসনাত

‘একাত্তরের স্মৃতি’ বাসন্তি গুহঠাকুরতা রচিত একটি আত্মজীবনীমূলক মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা গ্রন্থ। যেখানে ১৯৭১ সালের ২৫ মার্চ সকাল থেকে ২৭ মার্চ পর্যন্ত ঘটনাবলি লিপিবদ্ধ করেছেন লেখক। গ্রন্থটিতে তিনি ফুটিয়ে তুলেছেন পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ ও নির্যাতন।

বাসন্তি গুহঠাকুরতা রচিত ‘একাত্তরের স্মৃতি’ বইটি নিয়ে পাঠচক্র করেছে শাবিপ্রবি বন্ধুসভা। ৪ ডিসেম্বর দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার ভবনে এটি অনুষ্ঠিত হয়।

বন্ধু দূর্জয় বাড়ৈর সঞ্চালনায় বই আলোচনায় বন্ধু মোস্তাকিম বিল্লাহ বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে নিরস্ত্র মানুষের হত্যাকাণ্ডের ঘটনার মাধ্যমে শুরু হয়ে ২৭ মার্চ তাঁর স্বামী জ্যোতিরময় গুহঠাকুরের মৃত্যুর মধ্য দিয়ে গ্রন্থের পরিসমাপ্তি করেন লেখক। এ সময়ের মধ্যে তিনি তুলে ধরেন তখনকার সময়ের বাস্তবিক রূপ, মানুষের দুরবস্থা, কান্নার হাহাকার, শহীদের রক্তের আর্তনাদ, স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প এবং তখনকার অস্থিতিশীল পরিস্থিতির বর্ণনা।

বন্ধু সাবিনা আক্তার বলেন, ‘মুক্তিযুদ্ধের এমন করুণ বিবরণ সত্যিই অসহনীয়। লেখকের কথকের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র উপস্থাপিত হয়েছে। জ্যোতিরময় গুহঠাকুর টানা দুই দিন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে যে মৃত্যুবরণ করেন, তা সত্যিই একজন প্রকৃত দেশপ্রেমিকের আত্মত্যাগকে নির্দেশ করে।’

পাঠচক্রের আসরে উপস্থিত ছিলেন বন্ধু শাফিনুর ইসলাম, নুর হাসনাত, মোস্তাকিম বিল্লাহ, সাবিনা আক্তার, ইয়ারমিন আক্তার, জান্নাতুল ফেরদৌসী, জোনাকি আক্তার, দূর্জয় বাড়ৈ, জাকিয়া দেওয়ান, তামান্না তাবাসসুম, সরণ সাহাসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, শাবিপ্রবি বন্ধুসভা