আনিসুল হক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে লেখা ‘মা’ উপন্যাসের মাধ্যমে তাঁর সাহিত্যবোধ সম্পর্কে আমরা বিশদভাবে অবগত হই। ইতিহাসকে আশ্রয় করে উপন্যাস লেখা অনেকটাই কঠিন; কিন্তু আনিসুল হক এই জায়গায় দক্ষতার পরিচয় দিয়েছেন। স্বাধীনতাসংগ্রামের বৃহৎ ক্যানভাস মূর্ত হয়ে উঠেছে প্রতিটি লেখায়। ‘উষার দুয়ারে’, ‘আলো-আঁধারের যাত্রী’, ‘এই পথে আলো জ্বেলে’, ‘এখানে থেমো না’ উপন্যাসগুলোর মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধকে চোখের সামনে দেখতে পাই। ‘যারা ভোর এনেছিল’ তার মধ্যে অন্যতম।
গাজীপুর বন্ধুসভার পাঠের আসরে আনিসুল হক ও তাঁর লেখা বই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এ কথা বলেন ‘প্রজন্ম, একটি মননশীল পাঠাগার’-এর স্বত্বাধিকারী এশরাকুল মজিদ। ২৬ অক্টোবর ‘যারা ভোর এনেছিল’ বইটি নিয়ে পাঠের আসর করে গাজীপুর বন্ধুসভা। শহরের প্রজন্ম পাঠাগার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
সভাপতি উম্মে কুলসুম ইস্তিলার সঞ্চালনায় পরিচয় পর্বের পরপরই শুরু হয় মূল আলোচনা। বইটি নিয়ে আলোচনা করেন উপদেষ্টা মন্ডল মাধব চন্দ্র, সাধারণ সম্পাদক আরাফাত মন্ডল, বন্ধু সাবরিনা সাথী ও ঝর্ণা হিয়া।
উপদেষ্টা অসীম বিভাকর গ্রন্থ আলোচনার পাশাপাশি নানা ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, ‘আজকের পাঠের আসরটি চমকপ্রদ ছিল। খোলা আকাশ, পাখি ও প্রকৃতির সঙ্গে সুন্দর একটি বই নিয়ে কথা বলতে ভীষণ ভালো লাগছে। বইটি শুধু আমাদের পড়লে হবে না, হৃদয়ে ধারণ করতে হবে। তবেই জীবনে প্রতিফলন ঘটবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মৃদুল আকন্দ, বন্ধু নাহিদা বেপারি, মরিয়ম আক্তার, শাহরিয়ার শামীন, শিমুল আহমেদসহ অন্য বন্ধুরা।
বন্ধু, গাজীপুর বন্ধুসভা