দুর্ঘটনায় কী করবেন, প্রাথমিক চিকিৎসা শিখলেন বন্ধুরা

নোয়াখালী বন্ধুসভার উদ্যোগে প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালাছবি: বন্ধুসভা

কেউ কোনো দুর্ঘটনায় পড়লে তাৎক্ষণিক করণীয় নিয়ে প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা করে নোয়াখালী বন্ধুসভা। ১৮ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নোয়াখালী জেলা ইউনিটের প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষক ও বন্ধুসভার বন্ধু ফাতিকুর রহমান।

কর্মশালায় জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। মূল বিষয় ছিল আগুনে পোড়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা ও তাৎক্ষণিক সহায়তা প্রদান। পোড়া ব্যক্তিকে কীভাবে নিরাপদে আগুনের উৎস থেকে সরিয়ে নিতে হবে, পোড়ার ধরন ও মাত্রা অনুযায়ী কী ধরনের প্রাথমিক ব্যবস্থা নিতে হবে এবং কখন দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষক।

নোয়াখালী বন্ধুসভার উদ্যোগে প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

পোড়া স্থানে ঠান্ডা প্রবহমান পানি দেওয়ার সঠিক পদ্ধতি, পোড়া স্থানে সরাসরি বরফ, তেল, টুথপেস্ট বা কোনো ধরনের মলম না লাগানো, ফোসকা না ফাটানো এবং পোড়া স্থানে লেগে থাকা কাপড় জোর করে না টানার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। শরীরের কোন কোন অংশে পোড়া হলে তা বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে, এবং গুরুতর পোড়ার ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কেও ধারণা দেওয়া হয়। বৈদ্যুতিক আগুনে পোড়া ব্যক্তির ক্ষেত্রে প্রথমে বিদ্যুতের সংযোগ বন্ধ করে নিরাপদভাবে সহায়তা করার বিষয়েও পরামর্শ দেন ফাতিকুর রহমান।

এ ছাড়া অচেতন ব্যক্তির প্রাথমিক সহায়তা, সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন), শ্বাসপ্রশ্বাসের সমস্যা, রক্তপাত এবং পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। রক্তপাত হলে পরিষ্কার কাপড় বা গজ দিয়ে ক্ষতস্থানে চাপ প্রয়োগ, পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধারের পর শ্বাসপ্রশ্বাস পর্যবেক্ষণ এবং জরুরি প্রয়োজনে দ্রুত চিকিৎসা সহায়তা নেওয়ার বিষয়েও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। জরুরি মুহূর্তে কী করা উচিত এবং কোন ধরনের ভুল কাজ এড়িয়ে চলা প্রয়োজন, সে বিষয়ও উঠে আসে।

কর্মশালা শেষে নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা।

কর্মশালা শেষে নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা মহিউদ্দিন রাতুল বলেন, ‘বন্ধুসভার এ ধরনের কার্যক্রমের প্রভাব চাকরিজীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জীবনে চলার ক্ষেত্রে বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।’

প্রথম আলো নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা মাহবুবুর রহমান বলেন, ‘আমরা কমবেশি বিদ্যুৎ থেকে সৃষ্ট আগুনের ঝুঁকিতে থাকি। আজকের আয়োজন আমাদের বাস্তব জীবনে এ–জাতীয় সমস্যায় করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে।’

সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘বাস্তব জীবনে বন্ধুদের সামনে ঘটে যাওয়া নানা দুর্ঘটনায় দ্রুততম সময়ে ক্ষতি কমানোই আমাদের এই আয়োজনের লক্ষ্য।’

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মো. শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক তাজকির হোসেন ও নয়ন চন্দ্র কুরী, সহসাংগঠনিক সম্পাদক আরাফাত শিহাব, অর্থ সম্পাদক সাহিদুল ইসলাম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক নাফিস আহমেদ, কার্যনির্বাহী সদস্য রুমাইয়া সুলতানা, সানজিদা সুলতানা, অর্ঘ্য ভূঞাঁ, বন্ধু আফরিনা আনিকা, শরীফুল ইসলাম, মিহানুর রহমান, মাহির আজিজ, প্রিয়ারুল ইসলামসহ অন্যান্য বন্ধুরা।

সহসভাপতি, নোয়াখালী বন্ধুসভা