বৃদ্ধাশ্রম এমন এক বাস্তবতা, যার অর্থ মনের গভীরে কষ্টের নাড়া দেয়। বৃদ্ধ বয়সে এসে জীবনের সবচেয়ে আপন বন্ধনগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া; এখানে নেই পরিবারের স্নেহ, নেই সন্তানের কোলাহল, নেই নাতি- নাতনিদের হাসি কিংবা আপনজনের যত্নশীল স্পর্শ, ভালোবাসা আর নির্ভরতার উষ্ণতা। এই সত্য উপলব্ধি করে গোপালগঞ্জের একটি বৃদ্ধাশ্রমে শীতবস্ত্র বিতরণ করেছে গোবিপ্রবি বন্ধুসভা।
৩১ জানুয়ারি গোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। শীতবস্ত্র বিতরণকালে প্রবীণদের মুখে হাসি, চোখে কৃতজ্ঞতার জল ও প্রশান্তির ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। অনেকেই অনুভূতি প্রকাশ করে বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ তাঁদের একাকীত্ব ও কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।
এর আগে ২৮ জানুয়ারি এই বৃদ্ধাশ্রমে যান বন্ধুসভার বন্ধুরা। প্রবীণদের সঙ্গে সময় উপভোগ করেন। সেদিনই জানতে পারেন শীতে তাঁদের কষ্টের কথা। এরপর অল্প সময়ের মধ্যে সবার সম্মিলিত প্রচেষ্টায় সিদ্ধান্ত গ্রহণ এবং নির্ধারিত দিনে কম্বল বিতরণ করা হলো।
বন্ধুরা বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল শীতার্ত প্রবীণ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ববোধকে বাস্তবে রূপ দেওয়া। গোবিপ্রবি বন্ধুসভা বিশ্বাস করে, সমাজে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা