বর্তমানে অভিভাবকেরা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন

সিলেটে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনছবি: আনিস মাহমুদ

সিলেটে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বিকেলে নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে সিলেট বন্ধুসভা।

‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সিলেট বন্ধুসভার সভাপতি দেব রায় সৌমেনের সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ জহিরুল হক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট জেলা শাখার সভাপতি সৈয়দা শিরিন আক্তার, সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্যসচিব আবদুল করিম চৌধুরী এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।

সিলেটে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
ছবি: আনিস মাহমুদ

সমাজে নারী ও শিশু নির্যাতনের যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে, তা সভ্য সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয় উল্লেখ করে বক্তারা বলেন, ‘আইয়ামে জাহেলিয়ার অন্ধকার সময়ের মতো বর্তমান সমাজেও নারী ও শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কিছু মানুষের মানসিক বিকৃতি ও নৈতিক অবক্ষয়ের কারণেই এ ধরনের অপরাধ বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য অপরাধীদের দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’ পাশাপাশি শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা কেন বাড়ছে, তা নিয়ে গবেষণার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তাঁরা। বক্তাদের ভাষ্য, সমাজ থেকে এ ধরনের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

বক্তারা আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কন্যাশিশুর অভিভাবকেরা চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।’ এ সময় ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পৃথক ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানান তাঁরা।

সিলেটে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
ছবি: আনিস মাহমুদ

মানববন্ধনে আরও বক্তব্য দেন কবি সুমন বণিক, শ্রুতির সদস্যসচিব সুকান্ত গুপ্ত, সিলেট উইমেন চেম্বারের পরিচালক আসমাউল হাসনা, কবি ধ্রুব গৌতম, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শিব্বির আহমদ, আবৃত্তিকার নাজমা পারভীন ও নারী উদ্যোক্তা শাহানা চৌধুরী।

কর্মসূচিতে সিলেট বন্ধুসভার সদস্য শেখ ফয়সাল আহমেদ, সূবর্ণা দেব, অনুপমা দাস, শ্রেয়ান ঘোষ, কৃত্য ছত্রী, প্রনব চৌধুরী, অম্লান রায়, সাজন বিশ্বাস, সৌম্য মন্ডল, প্রত্যাশা তালুকদার, অমিত দেবনাথ, জামিউল হাসান, মিনথিয়া রহমান, প্রাণেশ দাস, সুমন দাস, শুভ তালুকদার, পারমিতা রায়, আজিজুল হাকিম, সাফিউর রহমান, অলখ সরকারসহ আরও অনেকে অংশ নেন।