বৈশ্বিক এই উষ্ণায়নের সময়ে বৃক্ষরোপণ অন্যতম সেরা কাজ

ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরাছবি: বন্ধুসভা

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে ফরিদপুর বন্ধুসভা। ৩০ জুলাই দুপুরে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে একটি বকুল ও একটি কাঞ্চন ফুলের গাছ রোপণ করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক সাজ্জাদ হোসেন, আরটিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান, সাংবাদিক মানিক দাস ও সমাজকর্মী সাগর দাস প্রমুখ।

বৃক্ষরোপণ করছেন ফরিদপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি দেশে কমপক্ষে ২৫ ভাগ বনভূমি থাকার প্রয়োজন। অথচ দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমাদের দেশের বনভূমির পরিমাণ মাত্র ১৫ ভাগ। এ জন্য জলবায়ু রক্ষা করতে এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ করতে হবে। বৈশ্বিক এই উষ্ণায়নের সময়ে বৃক্ষরোপণ করা একটি অন্যতম সেরা কাজ।

জ্যেষ্ঠ সাংবাদিক সাজ্জাদ হোসেন বলেন, গাছ বাঁচলে জীবন বাঁচবে। গাছই আমাদের জীবন, গাছই আমাদের বাঁচার অবলম্বন। দেশকে সুজলা-সুফলা, শস্য-শ্যামলা হিসেবে গড়ে তুলতে গাছ রোপণ করতে হবে।

গাছ লাগানো শেষে গাছে পানি দিচ্ছেন ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা
ছবি: বন্ধুসভা

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা প্রবীর কান্তি বালা, ফরিদপুর বন্ধুসভার সভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক সজীব দত্ত, সহসভাপতি মানিক কুণ্ডুসহ সংগঠনের অন্য সদস্যরা।

এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের বিভিন্ন উপজেলার দৃষ্টিনন্দন ও গুরুত্বপূর্ণ জায়গায় বেল, আম, সফেদা, বলসুন্দরী কুল, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আমলকী, নিম, চালতা, আমড়াগাছসহ বিভিন্ন জাত ও প্রজাতির অর্ধশত ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে।

সভাপতি, ফরিদপুর বন্ধুসভা