হুইলচেয়ার পেল তানভীর, পাশে দাঁড়াল বন্ধুসভা

মাদারীপুর বন্ধুসভার একটি ভালো কাজছবি: বন্ধুসভা

পাঁচ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু তানভীরের চলাচলের একমাত্র ভরসা ছিল মা-বাবার কোল। আর্থিক অসচ্ছলতার কারণে তাকে হুইলচেয়ার কিনে দিতে পারছিলেন না মা-বাবা। বিষয়টি জানতে পেরে তানভীরের পাশে দাঁড়িয়েছে মাদারীপুর বন্ধুসভা। নিজেদের জমানো টাকায় শিশুটিকে একটি হুইলচেয়ার উপহার দেওয়ার পাশাপাশি তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন বন্ধুসভার সদস্যরা।

২৮ অক্টোবর বিকেলে মাদারীপুর নতুন শহর এলাকায় বন্ধুসভার কার্যালয়ে তানভীরের মা-বাবার হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। এ সময় তানভীরও হুইলচেয়ারে বসা ছিল। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে বন্ধুসভার সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান বলেন, তানভীরের পরিবার খুবই অসচ্ছল। শিশুটি যেন পরিবারের বোঝা হয়ে না থাকে, সে জন্য তাঁরা তার পাশে দাঁড়িয়েছেন। তানভীরের চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন বন্ধুসভার সদস্যরা। শিশুটির চলাচলের সুবিধার জন্য তাঁরা একটি নতুন হুইলচেয়ার উপহার দিয়েছেন। ভবিষ্যতেও তার সুস্থতার জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

মাদারীপুর বন্ধুসভার একটি ভালো কাজ।

তানভীর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার মিমজাল মোল্লা ও সেনোরা আক্তার দম্পতির ছেলে। এই দম্পতির ১৪ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মিমজাল মোল্লা পেশায় শ্রমিক।

হুইলচেয়ার উপহার পেয়ে খুশি তানভীরের মা-বাবা। সেনোরা আক্তার বলেন, ‘তানভীর ছোট থেকে শারীরিকভাবে খুব অসুস্থ। হাঁটাচলা করতে পারে না, মাথা তুলতে পারে না। ঘাড়েও সমস্যা। আমরা গরিব মানুষ। ভালো ডাক্তার দেখাইতে পারি না। আপনারাই প্রথম আমার ছেলেকে কিছু উপহার দিলেন। আমাদের পাশে দাঁড়ালেন। আমরা খুব খুশি হয়েছি।’

হুইলচেয়ার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা সোহেল রানা, উপদেষ্টা ও প্রথম আলোর প্রতিনিধি অজয় কুন্ডু, সভাপতি আঞ্জুমান জুলিয়া, সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আন্না আক্তার, দপ্তর সম্পাদক সোহাগ হাসান প্রমুখ।