জাবি বন্ধুসভা ও গ্রন্থাশ্রমের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ছবি: বন্ধুসভা

পাঠাভ্যাস ও সাহিত্যচর্চাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ও ক্যাম্পাসভিত্তিক বুকশপ গ্রন্থাশ্রমের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ১৪ আগস্ট গ্রন্থাশ্রমের অফিসে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকের আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাপ্তাহিক উন্মুক্ত পাঠ ও আলোচনা কার্যক্রম ‘পাঠচক্র’-এ সহযোগিতা করবে গ্রন্থাশ্রম। পাশাপাশি পাঠচক্রসহ বিভিন্ন বইভিত্তিক কার্যক্রমে দুই পক্ষের পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার সুযোগ তৈরি হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রথম তলায় অবস্থিত গ্রন্থাশ্রম বইপ্রেমী ও পাঠকদের নিয়ে গত কয়েক বছর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে জাবি বন্ধুসভা নিয়মিত পাঠচক্র আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বই পড়া, সাহিত্যচর্চা ও বুদ্ধিবৃত্তিক আলোচনায় যুক্ত করছে। বই ও পাঠাভ্যাসকে কেন্দ্র করে দুই পক্ষের অভিন্ন লক্ষ্য থেকেই এ সহযোগিতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থাশ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ আহমেদ, জাবি বন্ধুসভার সভাপতি সৈয়দ সালমান হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক পারভেজ মোশারফ, প্রচার সম্পাদক আরুণিমা পাল এবং সাংস্কৃতিক সম্পাদক তাসনিম সুলতানা ও বন্ধু সাকিব রহমান।

জাবি বন্ধুসভার সভাপতি সৈয়দ সালমান হাসান বলেন, ‘গ্রন্থাশ্রমের সঙ্গে এ চুক্তি বন্ধুসভার পাঠচক্রসহ আরও অন্যান্য বইভিত্তিক কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে। এ সমঝোতা চুক্তি আমাদের জন্য একটি ইতিবাচক উদ্যোগ এবং ভবিষ্যতে আমাদের লক্ষ্য ও কার্যক্রমকে নিঃসন্দেহে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাবে।’

গ্রন্থাশ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ আহমেদ বলেন, ‘বন্ধুসভার বইভিত্তিক কার্যক্রম এবং গ্রন্থাশ্রমের মূল লক্ষ্য একই। বইপ্রেমীদের নিয়ে এ যাত্রা আজকের চুক্তির মাধ্যমে গ্রন্থাশ্রম এবং বন্ধুসভা—উভয়ের জন্যই সুগম হবে বলে আশা রাখছি।’

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে। উভয় পক্ষের সম্মতিতে পরবর্তী সময়ে এর মেয়াদ বাড়ানো যাবে।

সাংস্কৃতিক সম্পাদক, জাবি বন্ধুসভা