কুমিল্লায় প্রথম আলোর বর্ষপূর্তি উদ্‌যাপনে ভেসে উঠল যে চিত্র

কুমিল্লা বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় নাটক ‘একটি বেঞ্চের গল্প’ছবি: বন্ধুসভা

পার্কের একটি বেঞ্চ। সেখানে কখনো বসেন একজন বীর মুক্তিযোদ্ধা, কখনো নিঃসঙ্গ বৃদ্ধ বাবা, কখনো দ্রব্যমূল্যের চাপে জর্জরিত রিকশাচালক, আবার কখনো নিজের স্বপ্নের কথা বলে এক স্কুলছাত্রী। তাঁদের প্রত্যেকের গল্প আলাদা, কিন্তু জীবনের চাওয়া-পাওয়া, সংগ্রাম আর বঞ্চনার জায়গাগুলো যেন একই সুতোয় গাঁথা। এমনই নানা শ্রেণি-পেশার মানুষের জীবনসংগ্রাম ও সমাজের অসংগতি উঠে এসেছে ‘একটি বেঞ্চের গল্প’ নামের প্রতীকী সামাজিক নাটকে।

গতকাল শনিবার বিকেলে কুমিল্লা নগরের ধর্মসাগর পাড়ে নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের মুক্তমঞ্চে প্রথম আলোর ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে নাটকটি মঞ্চস্থ করেন কুমিল্লা বন্ধুসভার পাঁচ বন্ধু। ‘অটল ২৮’ প্রতিপাদ্যে অনুষ্ঠানে নাটকের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা।

নাটকটির মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মানবিক, দায়িত্বশীল ও সৎ হওয়ার বার্তা দেওয়া হয়। এর আগে ‘বুকের ভিতর আকাশ নিয়ে আছে একটা দেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার দুই বন্ধু।

নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার দুই বন্ধু
ছবি: বন্ধুসভা

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কখনো আপস করেনি প্রথম আলো। পথচলার শুরু থেকে প্রতিটি সরকারের সময়ই পত্রিকাটি ক্ষমতাসীনদের বিরাগভাজন হয়েছে। সত্য প্রকাশে অবিচল থাকার কারণেই পাঠকদের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করেছে প্রথম আলো। সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজ সংস্কার ও মানবিক কর্মকাণ্ডেও পত্রিকাটির ভূমিকা অনন্য।

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় বলেন, সংবাদপত্রের কাজ সমাজের দর্পণ হয়ে ওঠা। কিন্তু সমাজের প্রকৃত চিত্র সব সময় সংবাদপত্রে উঠে আসছে না। নাগরিকদের ভয় ও নিজেদের অভিজ্ঞতা প্রকাশ না করার প্রবণতাও এর একটি কারণ হতে পারে। সংবাদকর্মীদেরও সমাজের আড়ালে থাকা খবর খুঁজে বের করতে হবে। প্রথম আলো স্রোতের বিপরীতে গিয়েও সত্য প্রকাশ থেকে বিচ্যুত হয় না।

কুমিল্লার ইতিহাস গবেষক ও লেখক আহসানুল কবীর বলেন, প্রথম দিন থেকেই তিনি প্রথম আলোর পাঠক। সকালে বাসা থেকে বের হওয়ার আগে পত্রিকাটি পড়তে না পারলে তাঁর কাছে সকালের নাশতাও যেন অসম্পূর্ণ মনে হয়। প্রথম আলো তথ্য ও সত্যের প্রতি অটল ছিল, এখনো আছে। দেশের আনাচকানাচে ছড়িয়ে থাকা প্রান্তিক জনপদের আরও বেশি খবর প্রথম আলোতে দেখতে চান তিনি।

কুমিল্লায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ছবি: বন্ধুসভা

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক (ফারুক) বলেন, প্রথম আলোর পুরোনো পাঠক হিসেবে তাঁরা পত্রিকাটির কাছ থেকে আগামী দিনেও দৃঢ়তার সঙ্গে সত্য তুলে ধরার প্রত্যাশা করেন। কুমিল্লার সাংবাদিকদের পক্ষ থেকে প্রথম আলোকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম প্রথম আলোর সাংবাদিকতা ও সামাজিক ভূমিকার প্রশংসা করেন।

কুমিল্লায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক গোলাম কিবরিয়া খোন্দকার, বন্ধুসভা উপদেষ্টা ও কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কৃষি ও পরিবেশ সংগঠক মতিন সৈকত, পরিবেশ সংগঠক চিকিৎসক আবু মোহাম্মদ নাঈম, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইফতিখারুল ইসলাম চৌধুরী (সিয়াম), নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক শামছুল আলম (রাজন) এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক।

কুমিল্লা বন্ধুসভার সভাপতি প্রশান্ত কর্মকার শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান। এ সময় প্রথম আলো কুমিল্লা অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা (জুয়েল), সাংবাদিক জাহিদ পাটোয়ারী, রেজাউল করিম রাসেল, শাহাদাত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভাপতি, কুমিল্লা বন্ধুসভা