ভার্চ্যুয়াল লেখালেখি কর্মশালার প্রথম সেশন শুক্রবার

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শুরু হচ্ছে ভার্চ্যুয়াল লেখালেখি কর্মশালা।

তরুণ লেখকদের লেখার জগতে আরও দক্ষ করে গড়ে তুলতে শুরু হচ্ছে প্রথম আলো বন্ধুসভার ভার্চ্যুয়াল লেখালেখি কর্মশালা। আগামীকাল শুক্রবার রাত ৯টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে কর্মশালার প্রথম সেশন।

এই সেশনে সাহিত্যে ‘অনুবাদ’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন অনুবাদক ও কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন।

ভার্চ্যুয়াল এই লেখালেখি কর্মশালায় চারটি বিষয়ের ওপর মোট চারটি সেশন অনুষ্ঠিত হবে। বাকি তিনটি সেশনে যথাক্রমে ‘কবিতা’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন কবি সাজ্জাদ শরিফ; ‘গল্প’ বিষয়ে প্রশিক্ষক হিসেবে থাকবেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক; এবং ‘ফিচার ও সংবাদ’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন।

কর্মশালার জন্য প্রায় ৩০০ জন তরুণ লেখক অনলাইনের মাধ্যমে নিবন্ধন করেছেন। সঠিকভাবে নিবন্ধনকৃতদের এরই মধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়েছে। সেখানে প্রথম সেশনের জুম লিংক দেওয়া হয়েছে।

সফলভাবে কর্মশালা সম্পন্নকারী লেখক বন্ধুদের নিয়ে পরবর্তী সময়ে ঢাকায় দিনব্যাপী আয়োজন করা হবে ‘লেখক বন্ধু উৎসব ২০২৬’।

কর্মশালার সেশনে অংশগ্রহণের ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা—
অবশ্যই আইডি নম্বর দিয়ে সেশনে যুক্ত হতে হবে।
প্রতিদিন সেশন শুরুর সময়ের ১৫ মিনিট আগে যুক্ত হতে হবে।
প্রথম সেশনের শুরুতে ১০ মিনিটের একটি শুভেচ্ছা জ্ঞাপন পর্ব থাকবে। সেখানে কেবল অতিথিরা কথা বলবেন।
সেশন চলাকালীন নিজের সাউন্ড অপশনটি বন্ধ রাখতে হবে।
প্রতিটি সেশন শেষে একটি প্রশ্নোত্তর পর্ব থাকবে। সেখানে প্রশ্ন করা যাবে। এ ছাড়া সেশন চলাকালীন প্রশ্ন না করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।
সমাপনী সেশন শেষে সব কটি সেশনের ওপর একটি সংক্ষিপ্ত পরীক্ষা থাকবে।
প্রতিদিন সেশন শেষে পরবর্তী সেশনের তারিখ, সময় ও বিষয় জানিয়ে দেওয়া হবে।