গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রে ‘গাভী বৃত্তান্ত’

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

আহমেদ ছফা রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘গাভী বৃত্তান্ত’-এর প্রাসঙ্গিকতা নিয়ে পাঠচক্রের আসর করেছে গোবিপ্রবি বন্ধুসভা। সম্প্রতি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে ‘গাভী বৃত্তান্ত’-এর সামাজিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক বাস্তবতার প্রতিফলন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, বর্তমান সময়েও এই রচনার প্রাসঙ্গিকতা অটুট রয়েছে। বিশেষ করে প্রশাসনিক কাঠামো, ক্ষমতার অপব্যবহার এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের দিকগুলো বিশ্লেষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাধারণ সম্পাদক আল-আমিন শেখ পাঠচক্রের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা ও সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করে।

পাঠচক্রে একজন পাঠক প্রবন্ধটি পাঠ করেন এবং পরবর্তী সময়ে উপস্থিত কয়েকজন অংশগ্রহণকারী নিজ নিজ অনুভূতি ও বিশ্লেষণ তুলে ধরেন। আলোচনায় লেখাটির বিভিন্ন দিক নিয়ে গভীরভাবে মতবিনিময় হয়, যা পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে।

সভাপতি আহনাফ শাহরিয়ার ভবিষ্যতেও এ ধরনের পাঠচক্র নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে পাঠচক্রের সমাপ্তি ঘোষণা করেন।

প্রচার সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা