প্রতিদিন মাকে সম্মান করার মধ্যেই মা দিবসের সার্থকতা

মা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ভার্চ্যুয়াল আলোচনা সভা।

‘মা হচ্ছেন পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ পথপ্রদর্শক, যার বিকল্প অন্য কেউ হতে পারে না। ব্যস্ত নাগরিক জীবনে আমরা হয়তো অনেক সময় মায়ের খোঁজ নিতে ভুলে যাই; কিন্তু মা সব সময় আমাদের মঙ্গলে প্রার্থনা করেন। তিনি একজন মানুষের জীবনের প্রথম পাঠশালা। মা দিবসের সার্থকতা কেবল একটি নির্দিষ্ট দিনে নয়, বরং প্রতিটি দিন মাকে সম্মান করার মধ্যে নিহিত। বর্তমান প্রজন্মের উচিত মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাঁদের একাকিত্ব দূর করতে বন্ধু হয়ে পাশে দাঁড়ানো।’

মা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ভার্চ্যুয়াল আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ১০ মে রাতে গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়। সভাপতি মাসরুফা খাতুনের সঞ্চালনায় আলোচনায় মা দিবসের তাৎপর্য ও বিশ্বব্যাপী এর প্রচলনের ইতিহাস তুলে ধরা হয়।

আলোচনায় অংশ নেন উপদেষ্টা আনোয়ার হোসেন, মনোয়ারা খাতুন ও ফারুকা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিন আখতার, ম্যাগাজিন সম্পাদক ওজিফা খাতুন, অর্থ সম্পাদক আলীউজ্জামান নুর ও বন্ধু নয়ন আহমেদ। তাঁরা বলেন, ‘জন্মদাতা মা ছাড়াও আমাদের আরেকটা মা আছে। মাকে যেভাবে আমরা আগলে রাখি, আমাদের জন্মভূমিকেও সেভাবে আগলে রাখতে হবে। জন্মভূমিকে কখনো অসম্মানিত হতে দেওয়া যাবে না।’

সমাপনী বক্তব্যে সভাপতি মাসরুফা খাতুন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা সব সময়ই মানবিক ও সামাজিক মূল্যবোধ চর্চায় বিশ্বাসী।’ পৃথিবীর সব মায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার মধ্য দিয়ে ভার্চ্যুয়াল এই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সভায় আরও অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, দপ্তর সম্পাদক ফাহিম আসেফ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আরাফাত মিলেনিয়াম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সোনিয়া খাতুনসহ অন্য বন্ধুরা।

বন্ধু, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা