জহির রায়হান মনের নীরব দ্বন্দ্বকে সাহিত্যের ভাষায় প্রকাশ করেছেন

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসর।

বাংলা সাহিত্যের শক্তিমান কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার ও মুক্তিযুদ্ধের চেতনাধারী লেখক জহির রায়হানের জন্মদিন ১৯ আগস্ট। এ উপলক্ষে তাঁর সাহিত্যকর্ম, জীবনবোধ ও মানবিক চেতনা নিয়ে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

পাঠচক্রে জহির রায়হানের লেখায় প্রতিফলিত সমাজবাস্তবতা নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে তাঁর বিখ্যাত উপন্যাস ‘শেষ বিকেলের মেয়ে’-এর বিভিন্ন উক্তি পাঠ ও বিশ্লেষণের মাধ্যমে লেখকের চিন্তা ও দর্শনকে অনুধাবনের চেষ্টা করেন অংশগ্রহণকারীরা।

পাঠচক্রে আলোচিত হয় জহির রায়হানের একটি উক্তি—‘লড়াই শুধু রাজার সঙ্গে রাজার, এক জাতের সঙ্গে অন্য জাতের আর এক দেশের সঙ্গে অন্য দেশেরই হয় না। একটি মনের সঙ্গে অন্য একটি মনেরও লড়াই হয়।’

এই উক্তির বিশ্লেষণে আলোচকেরা তুলে ধরেন, মানুষের জীবনে সংগ্রাম শুধু রাজনৈতিক বা সামাজিক পরিসরে সীমাবদ্ধ নয়। মানুষের নিজের ভেতরের দ্বন্দ্ব, আকাঙ্ক্ষা, মূল্যবোধ ও অন্য মানুষের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও একধরনের লড়াই। জহির রায়হান তাই বৃহত্তর সংগ্রামের পাশাপাশি মানুষের অন্তর্গত সংঘাতকেও তাঁর লেখায় গুরুত্ব দিয়েছেন।

বন্ধু সাইফ উদ্দিন বলেন, ‘জহির রায়হানের এই উক্তি আমাদের মনে করিয়ে দেয়, লড়াইকে শুধু ক্ষমতা বা রাষ্ট্রের সংঘাত হিসেবে দেখলে মানুষের জীবনের একটি বড় অংশ অদৃশ্য থেকে যায়। মানুষের মনোজগতের দ্বন্দ্বও কখনো কখনো বাইরের সংগ্রামের মতোই গভীর।’

বন্ধু ইসনাইন বলেন, ‘জহির রায়হানের লেখার অন্যতম শক্তি হলো তিনি বড় সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মানুষের ব্যক্তিগত অনুভূতিকে একসঙ্গে দেখতে পেরেছেন। তাঁর এই উক্তিতে সেই দৃষ্টিভঙ্গিরই প্রকাশ ঘটেছে।’

বন্ধু ফারজানা বলেন, ‘মানুষের মনের ভেতরের লড়াই অনেক সময় নীরব থাকে, কিন্তু তার প্রভাব গভীর। জহির রায়হান এই নীরব দ্বন্দ্বকে সাহিত্যের ভাষায় প্রকাশ করেছেন। তাই তাঁর লেখা শুধু একটি সময়ের গল্প নয়, মানুষের চিরন্তন অনুভূতিরও প্রতিফলন।’

সভাপতি জাহিদ হাসান বলেন, ‘জহির রায়হান ছিলেন এমন একজন স্রষ্টা, যিনি সাহিত্য, চলচ্চিত্র ও চিন্তার মাধ্যমে সমাজকে দেখেছেন গভীরভাবে। তাঁর জন্মদিনে পাঠচক্রের আয়োজন শুধু তাঁকে স্মরণ করার বিষয় নয়, বরং তাঁর লেখার মধ্য দিয়ে আমাদের সময়, সমাজ ও মানুষকে নতুন করে বোঝার একটি সুযোগ।’

সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম। আলোচনার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা জহির রায়হানের সাহিত্যকর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্য ও চিন্তাকে আরও গভীরভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা