ঠাকুরগাঁও বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সভাপতির সৌজন্য সাক্ষাৎ

জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিককে ফুল দিয়ে বরণ করে নেন ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

ঠাকুরগাঁও বন্ধুসভার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। ১ মার্চ জেলা শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বন্ধুসভার কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতে ঠাকুরগাঁও বন্ধুসভার সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ২০২৬ সালের কর্মপরিকল্পনা ধাপে ধাপে তুলে ধরেন।

সমাজের ইতিবাচক পরিবর্তনে বন্ধুসভার ভূমিকা আরও জোরদার করতে জেলা পর্যায়ে নিয়মিত কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘বন্ধুসভা কেবল একটি সংগঠন নয়, এটি তরুণদের মানবিক ও সৃজনশীল চর্চার একটি প্ল্যাটফর্ম।’ এ সময় তিনি ঠাকুরগাঁও বন্ধুসভার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষা, শিক্ষাসহায়তা ও সহমর্মিতার ঈদ কর্মসূচির মতো উদ্যোগকে সামনে রেখে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করার পরামর্শ দেন।

ঠাকুরগাঁও বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সভাপতির সৌজন্য সাক্ষাৎ।

সভায় উপস্থিত বন্ধুরা নিজেদের অভিজ্ঞতা, পরিকল্পনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। কেন্দ্রীয় সভাপতির কাছ থেকে দিকনির্দেশনা পেয়ে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ঠাকুরগাঁও বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কেন্দ্রীয় সভাপতির এই সফর সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নতুন উদ্যমে কাজ করার প্রেরণা জোগাবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলো ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবুর রহমান খান, ঠাকুরগাঁও বন্ধুসভার উপদেষ্টা ওবায়দুল হক স্বপন, মাহবুব রায়হান, সহসভাপতি রাবেয়া সুলতানা ও নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আলিফ, অর্থ সম্পাদক মিথিলা আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক হালিমার তুছ সাদিয়া, প্রচার সম্পাদক সিয়ামুর রশিদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মাহাফুজা ফারিহা, পাঠাগার ও পাঠ্যক্রম সম্পাদক ফারহানা ঊর্মি, বন্ধু আল নাফিজ চৌধুরী, তৌফিক তয়ন, রুদ্র মহন্ত প্রমুখ।