অস্ট্রিয়ান-চেক ঔপন্যাসিক এবং লেখক ফ্রানৎস কাফকার জীবনী নিয়ে পাঠচক্রের আসর করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ২৭ নভেম্বর বিকেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বনমায়ায় এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রে কাফকার জীবন, দৃষ্টিভঙ্গি ও সাহিত্য নিয়ে আলোচনা করেন বক্তারা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সালমান ফারসি বলেন, ‘ফ্রানৎস কাফকা ছিলেন বিংশ শতকের অন্যতম প্রভাবশালী কথাসাহিত্যিক। ১৮৮৩ সালের ৩ জুলাই প্রাগে জন্ম নেওয়া এই লেখক তাঁর জীবদ্দশায় খুবই কম বই প্রকাশ করলেও মৃত্যুর পর তাঁর সাহিত্য বিশ্বসাহিত্যে বিপ্লব ঘটায়। তিনি জার্মান ভাষায় লিখতেন এবং তাঁর লেখায় মানুষের অসহায়তা, আমলাতান্ত্রিক দমন, অস্তিত্বের সংকট ও নিঃসঙ্গতার ছবি গভীরভাবে ফুটে ওঠে। কাফকার জগৎ যেন বাস্তবের প্রতিচ্ছবি।’
আলোচনায় উঠে আসে কাফকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কীভাবে তাঁর মধ্যবিত্ত ইহুদি পরিবার, কঠোর বাবা হারমান কাফকা, এবং ব্যক্তিগত ভীরুতা ও মানসিক সংগ্রাম তাঁর সাহিত্যকে প্রভাবিত করেছে।
পাঠচক্রে কাফকার তিনটি বিখ্যাত রচনা নিয়ে আলোচনা হয়। এক. ‘দ্য ট্রায়াল’, যেখানে একজন নিরপরাধ মানুষের ওপর অদৃশ্য এক বিচারব্যবস্থার অযৌক্তিক অত্যাচার দেখানো হয়েছে। দুই. ‘রূপান্তর’, যার মূল ভাব হলো মানুষ কীভাবে পরিবার, সমাজ এবং দায়িত্বের ভারে অবমাননার মুখোমুখি হয়। গ্রেগর সামসার পোকায় রূপান্তর আসলে মানুষের নিঃসঙ্গতা ও অপ্রত্যাশিত পরিবর্তনের প্রতীক। তিন. ‘দ্য আমেরিকা’, যেখানে নতুন পৃথিবীতে হারিয়ে যাওয়া এক যুবকের সংগ্রাম ফুটে ওঠে।
আলোচনায় আরও উঠে আসে কাফকার লেখার সবচেয়ে বড় শক্তি তাঁর ব্যক্তিগত জীবনের যন্ত্রণা; বিশেষ করে বাবার প্রতি তীব্র মানসিক প্রতিক্রিয়া তাঁর লেখার গভীরে লুকিয়ে থাকে। ‘লেটার টু হিজ ফাদার’ চিঠিতে কাফকা স্পষ্ট করেন যে বাবার কর্তৃত্ব, কঠোরতা ও অবজ্ঞা তাঁকে চিরকাল মানসিকভাবে দমিয়ে রেখেছে। সেই দমবন্ধ অনুভূতিই তাঁর সাহিত্যে অস্বাভাবিক, অস্থির ও রহস্যময় পরিবেশ তৈরি করেছে।
শেষ অংশে তোফায়েল আহমেদ তাঁর লেখা ‘আমার বিচিত্র অভিজ্ঞতা’ পাঠ করেন। তিনি তাঁর ব্যক্তিগত জীবনের কিছু ঘটনার সঙ্গে ফ্রানৎস কাফকার লেখার অভিজ্ঞতার মিল খুঁজে দেখান। তাঁর আকর্ষণীয় পাঠ ও মন্তব্যের মধ্য দিয়ে পাঠচক্র সমাপ্ত হয়।
পাঠচক্রে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক অদ্বিত আল নাফিউ ও অনিক ভূষণ সাহা, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক রিজভী আমিন, বন্ধু সানজিদা, আবির, মোস্তফাসহ অন্য বন্ধুরা।