সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খ ম রেজাউল করিমের লেখা ‘রায়গঞ্জ: ইতিহাস সমাজ ও সংস্কৃতি’ গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই বেলা ১১টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূঞাগাঁতী উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করে রায়গঞ্জ বন্ধুসভা।
ভূঞাগাঁতী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন গ্রন্থটির লেখক ও খুলনার উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক খ ম রেজাউল করিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষানুরাগী ফিরোজ আহমেদ, সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ফজলুল হক খান, শিক্ষক ইকবাল হোসেন ও আবুল কালাম শামসুদ্দিন, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক খ ম ইসমাইল হোসেন, ধানগড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক শিশির কুমার দাস, বাগবাটি আবদুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শঙ্কর কুমার দাস, কবি আবদুল কুদ্দুস তালুকদার, ভূঞাগাঁতী উচ্চবিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন ও দিলীপ কুমার সিংহ, রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি আতিকুল ইসলাম, সদস্য রাজু আহমেদ, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।
মাহাতোদের কুড়মালি ভাষার লেখক ও রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি উজ্জ্বল কুমার মাহাতোর সঞ্চালনায় সভায় বক্তারা ‘রায়গঞ্জ: ইতিহাস সমাজ ও সংস্কৃতি’ গ্রন্থের দ্বিতীয় সংস্করণে আরও তথ্য সন্নিবেশ করার পরামর্শ দেন। বক্তারা বলেন, গ্রন্থটি প্রকাশের পর থেকে সাধারণ পাঠক থেকে শুরু করে স্থানীয় গবেষকদের কাছে সমাদৃত হয়েছে। এটির দ্বিতীয় সংস্করণ তাঁদের আরও বেশি অনুপ্রাণিত করবে।
লেখক খ ম রেজাউল করিম বলেন, দ্বিতীয় সংস্করণ আরও বেশি সমৃদ্ধ করতে আজকের এ মতবিনিময় সভা। সভায় মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
সভাপতি, রায়গঞ্জ বন্ধুসভা