মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মিরপুর বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর মিরপুরের বিইউবিটি প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করেন বন্ধুরা।
এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বন্ধুরা মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
উপদেষ্টা অপূর্ব বড়ুয়া বলেন, ‘দুঃখজনকভাবে আমাদের তরুণসমাজের অনেকে বাংলার বিশুদ্ধ চর্চা ভুলে যাচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে বাংলার বিকৃত ব্যবহারের চর্চা দিন দিন বাড়ছে। এটি ভাষার জন্য বড় হুমকি। যদি আমরা নিজেদের মধ্যে শুদ্ধ বাংলার চর্চা না করি, তাহলে ভবিষ্যতে আমাদের ভাষা নিয়ে গর্ব করার সুযোগ না–ও থাকতে পারে।’
বন্ধু তানিয়া হক বলেন, ‘শুধু একুশে ফেব্রুয়ারি এলেই আমরা বাংলা নিয়ে ভাবতে শুরু করি, কিন্তু ভাষার প্রতি ভালোবাসা সারা বছর ধরে বহমান থাকা উচিত।’
দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান বলেন, ‘আমাদের দৈনন্দিন ব্যবহারে, কর্মক্ষেত্রে ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া উচিত।’
বাংলা ভাষার সঠিক চর্চার জন্য নানা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সাধারণ সম্পাদক স্বদেশ বিশ্বাস বলেন, ‘বাংলা ভাষার গৌরব রক্ষায় আমরা নিয়মিত নানা উদ্যোগ গ্রহণ করব; যাতে বাংলা কেবল এক দিনের আনুষ্ঠানিকতার বিষয় না হয়ে বরং প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।’
প্রচার সম্পাদক, মিরপুর বন্ধুসভা