সারা দেশের বন্ধুসভার কার্যক্রম

আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুদের শ্রদ্ধাছবি: বন্ধুসভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘স্বপ্নজয়ী নারীর গল্প’ আড্ডায় নানা প্রতিবন্ধকতা পেরিয়ে স্বপ্ন জয় করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সৈয়দা আনজুমের গল্প শুনেছেন বন্ধুসভার বন্ধুরা।

পার্বতীপুর: আন্তর্জাতিক নারী দিবসে নারী উদ্যোক্তা সিরাজুম মুনিরা সাথীর সফলতার গল্প শুনতে তাঁর প্রতিষ্ঠিত ‘সুতার কাব্য’ নামে কুটির শিল্পের প্রতিষ্ঠানে ৮ মার্চ বিকেলে যান একদল বন্ধু। এর আগে ৩ মার্চ হুমায়ূন আহমেদের তোমাদের এই নগরে বই নিয়ে পাঠচক্র করে পার্বতীপুর বন্ধুসভা।

দিনাজপুর: ৮ মার্চ খবর-কন্যা দিনাজপুরের একমাত্র নারী হকার মরিয়ম বেগমের (৪৫) জীবনের গল্প শুনেছেন বন্ধুরা। পরে তাঁকে নারী দিবসের শুভেচ্ছাস্বরূপ গোলাপ ফুল, খাবার ও একটি শাড়ি উপহার দেওয়া হয়।

পাবনা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ বন্ধুসভা পরিবারের চারজন নারী বন্ধুকে সম্মাননা দিয়েছে পাবনা বন্ধুসভা। পল্লিকবি জসীমউদ্‌দীনের নক্সী কাঁথার মাঠ বই নিয়ে ৪ মার্চ বিকেলে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে অনুষ্ঠিত হয় পাঠচক্র।

ঝিনাইদহ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহ বন্ধুসভা জেলা শহরের পৌর ইকোপার্কে ৮ মার্চ বিকেলে আয়োজন করে কুইজ প্রতিযোগিতা।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার আয়োজন করে হাবিপ্রবি বন্ধুসভা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: হুমায়ূন আহমেদের উপন্যাস দেয়াল নিয়ে ৫ মার্চ বিকেলে পাঠচক্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

ময়মনসিংহ: ‘আমার কাছে নারী দিবস প্রতিদিন’ স্লোগানে ৮ মার্চ বিকেলে প্রথম আলোর ময়মনসিংহ আঞ্চলিক অফিসে আলোচনা সভার আয়োজন করে।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়: ৭ মার্চ বিকেলের সোনালি রোদে বিশ্ববিদ্যালয়ের বনমায়ায় আনিসুল হকের হৃদিতা উপন্যাস নিয়ে আয়োজিত হয় পাঠচক্র ও বন্ধু আড্ডা।

সিলেট: নারী দিবস উপলক্ষে ৮ মার্চ বন্ধুদের মায়েদের জীবনের গল্প শুনতে সিলেট বন্ধুসভা এক প্রাণবন্ত আড্ডার আয়োজন করে।