‘সহমর্মিতার ঈদ’ শিরোনামে সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে প্রস্তুতি সভা করে খুলনা বন্ধুসভা। গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে প্রথম আলো খুলনা অফিসের ছাদে এটি অনুষ্ঠিত হয়।
সভায় সবার সম্মতিক্রমে সহমর্মিতার ঈদ বাস্তবায়নে বন্ধুদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়। শহরের সুবিধাবঞ্চিত শিশুরা ঈদের দিন যেন রঙিন জামা গায়ে দিতে পারে এবং সেই কাজটি সঠিকভাবে বাস্তবায়নের জন্য পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সাবেক সহসভাপতি এম এম মাসুম বিল্যাহ বলেন, ‘বন্ধুদের একান্ত সহযোগিতা ও সাহায্যের হাত আমাদের রঙিন জামার সহমর্মিতার ঈদ কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সহমর্মিতা দেখানো দান নয়, এটি আমাদের মানবিক দায়িত্ব। তাদের জন্য ছোট ছোট উদ্যোগ মিলেই গড়ে ওঠে সমাজে বড় পরিবর্তনের ভিত্তি।’
সভাপতি স্বর্ণকমল রায় বলেন, ‘ঈদের দিনের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ঈদের আনন্দ আরও উৎফুল্ল ও সাফল্যমণ্ডিত করতে পারব।’
সাধারণ সম্পাদক ফারজানা যুথির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা তাকদীরুল গনী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মিয়া, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন, অর্থ সম্পাদক অর্নিবাণ সরকার, দপ্তর সম্পাদক আল রাইসা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাম্মী আক্তার, প্রশিক্ষণ সম্পাদক মিতা মাহমুদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মন্ডল, বন্ধু ফাহাদ আল শান্ত, অবনী আক্তার, আবদুল্লাহ আল সনিসহ অন্য বন্ধুরা।