শেষ হলো উপস্থাপনাবিষয়ক ভার্চ্যুয়াল কর্মশালা
মূল্যায়ন পরীক্ষায় নির্বাচিতদের নিয়ে ১০ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হবে দিনব্যাপী বিশেষ কর্মশালা।
কেউ হতে চান সংবাদ উপস্থাপক, কেউ স্বপ্ন দেখেন ক্যামেরার সামনে নিজের গল্প বলার। কারও আগ্রহ পডকাস্টে, আবার কেউ অনুষ্ঠান উপস্থাপনার দক্ষতা বাড়াতে চান। উপস্থাপনার নানা ক্ষেত্র নিয়ে আগ্রহী, এমন প্রায় ৩০০ মানুষের অংশগ্রহণে অনলাইনে মাসব্যাপী অনুষ্ঠিত হলো উপস্থাপনাবিষয়ক বিশেষ কর্মশালা। যৌথভাবে এটির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা ও অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)।
‘প্রেজেন্টেশন অ্যান্ড বিয়ন্ড’ শিরোনামের এই কর্মশালায় নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা যুক্ত হন। জুম অ্যাপের মাধ্যমে গত সেপ্টেম্বর মাসের চার বুধবার অনুষ্ঠিত হয় চারটি সেশন। প্রতিটি সেশন শুরু হয় রাত ৮টায়।
৯ সেপ্টেম্বর প্রথম সেশনে ছিল ‘সংবাদ উপস্থাপনা’ বিষয়। এতে প্রশিক্ষণ দেন স্টার নিউজের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ। সংবাদ পাঠের ধরন, উপস্থাপকের প্রস্তুতি ও ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি।
১৬ সেপ্টেম্বর দ্বিতীয় সেশনের বিষয় ছিল ‘ভ্লগিং ও উপস্থাপনা’। এতে প্রশিক্ষণ দেন বাপকা বেটার প্রতিষ্ঠাতা শুভাশিস ভৌমিক। কীভাবে একটি বিষয়কে দর্শকের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরা যায়, উপস্থাপনায় গল্প বলার কৌশলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। প্রথম দুটি সেশন সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি।
২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত তৃতীয় সেশনে আলোচনার বিষয় ছিল ‘পডকাস্ট সঞ্চালনা’। প্রশিক্ষণ দেন স্ক্যান মিডিয়ার প্রতিষ্ঠাতা ও পডকাস্ট হোস্ট সামির আহমেদ। পডকাস্টের বিষয় নির্বাচন, উপস্থাপনার ধরন এবং শ্রোতার সঙ্গে সংযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেন। সেশনটি সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের প্রশিক্ষণ সম্পাদক ফারহান সাকিব।
৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় কর্মশালার চতুর্থ ও শেষ সেশন। ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা’ বিষয়ে এই পর্বে প্রশিক্ষক হিসেবে ছিলেন ক্রীড়া উপস্থাপক ফাহিম রহমান, যমুনা টিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক মৌসুমী আহমেদ লোপা এবং উপস্থাপক ও অভিনয়শিল্পী মৌসুমী মৌ। তাঁরা সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা, উপস্থাপকের প্রস্তুতি, কণ্ঠস্বর, উপস্থাপনার ধরনসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করেন। এই সেশন সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি এবং সময় টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ও টক শো হোস্ট জাফর সাদিক।
চারটি সেশনের মধ্য দিয়ে শেষ হয়েছে অনলাইন পর্ব। তবে এখানেই শেষ নয়। কর্মশালার শেষ দিন সব অংশগ্রহণকারীকে নিয়ে অনুষ্ঠিত হয় একটি মূল্যায়ন পরীক্ষা। সেই পরীক্ষায় নির্বাচিত অংশগ্রহণকারীদের নিয়ে ১০ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হবে দিনব্যাপী বিশেষ কর্মশালা। এতে অংশগ্রহণকারীদের সামনে থাকছে সরাসরি শেখার ও নিজেদের দক্ষতা আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ।