দক্ষতা উন্নয়নে ‘লার্নিং ল্যাব ২.০’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ‘লার্নিং ল্যাব ২.০’
ছবি: সংগৃহীত

কখনো হয়তো ফোনের ওপাশে থাকা মানুষ কল ধরছে না। কেউ কেউ একনাগাড়ে কল দিতেই থাকেন। কেউ হয়তো মেইল করার সময় সাবজেক্ট বা বডি লিখতে ভুলে যান। কেউ হয়তো প্রফেশনালি যোগাযোগ রক্ষা করার ব্যাপারটি বুঝতে পারেন না। এ ধরনের ঝামেলা এড়াতে থাকা দরকার যোগাযোগে দক্ষতা।

বর্তমান যুগে সব থেকে বড় সমস্যা হলো চাকরি সংকট। সেই সংকট মোকাবিলায় প্রয়োজন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতার উন্নয়ন। শিক্ষার্থীদের এ দক্ষতা উন্নয়নের বিষয়টিকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে ‘লার্নিং ল্যাব’। এই সিরিজের প্রথম সিকুয়েলে বিপুলসংখ্যক শিক্ষার্থী শিখেছেন এক্সেল, পাওয়ার পয়েন্ট, সিভি হ্যাকস ও লিংকড ইন-এর খুঁটিনাটি। লার্নিং ল্যাব ১.০–এর বিপুল সাড়ায় দ্বিতীয়বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে দক্ষতা উন্নয়ন কর্মশালা ‘লার্নিং ল্যাব ২.০’।

৭ জুলাই রাত আটটায় অনলাইন গুগল মিটে আয়োজিত এ কর্মশালার বিষয়বস্তু ছিল ‘কমিউনিকেশন হ্যাকস’। টেন মিনিট স্কুলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারহান সাকিবের কাছ থেকে সম্পূর্ণ কর্মশালাজুড়ে কমিউনিকেশনের দারুণ সব বিষয় শিখেছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, আইইউবিএটি, বিইউবিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক ফারহান সাকিব কার্যকর কমিউনিকেশনের জন্য ১১টি টেকনিক সম্পর্কে আলোচনা করেন। যেহেতু এখনকার সময় কাজের প্রয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন, এর জন্য তিনি খুব সহজে একটি মেসেজের মাধ্যমে কীভাবে একজন নিজেকে উপস্থাপন করে কাজ সম্পাদন করবেন, সেই বিষয় উল্লেখ করেন। পাশাপাশি উল্লেখ করেছেন ফোনকলের সাধারণ কিছু এথিকস অ্যান্ড ম্যানার। সর্বশেষে তিনি কমিউনিকেশন দক্ষতা আরও বাড়ানোর জন্য একটি হোমওয়ার্ক দিয়ে কর্মশালাটি শেষ করেন।

লার্নিং ল্যাব ২.০
ছবি: সংগৃহীত

মাত্র দেড় দিনের সময়সীমায় ‘লার্নিং ল্যাব ২.০’–এর রেজিস্ট্রেশন সংখ্যা দাঁড়ায় তিন শতাধিক। কর্মশালাটির আহ্বায়ক ইব্রাহীম নোমান বলেন, ‘এত অল্প সময়ে এমন সাড়া পেয়ে আমরা সন্তুষ্ট। আশা করি, সম্পূর্ণ প্রোগ্রামজুড়ে শিক্ষার্থীরা কমিউনিকেশনের দক্ষতার উন্নয়নের দারুণ কিছু হ্যাকস পেয়ে লাভবান হয়েছেন।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি হামিদা জান্নাত বলেন, ‘সবার আগ্রহ ও দারুণ সাড়া পাওয়ায় আমরা আমাদের সিকুয়েলটি সফলভাবে করতে পেরেছি। সামনে দক্ষতা উন্নয়নমূলক আরও বেশ কিছু কাজ নিয়ে আমরা কাজ করব। আশা করি, সবাইকে পাশে পাব।’

প্রচার সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা