আত্মকেন্দ্রিক হওয়া যাবে না, মানুষের উপকারে আসতে হবে
কিশোরগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো সংবর্ধনা উৎসব। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর উদ্যোগে এ অনুষ্ঠানে সহায়তা করেছে কিশোরগঞ্জ বন্ধুসভা।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে গত ২১ সেপ্টেম্বর শহরের নেহাল গ্রিন পার্কে এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এর আগেই মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় শিক্ষার্থীরা। দীর্ঘ শিক্ষাজীবনের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও উপহার।
শিক্ষার্থীদের আনন্দ ও শেখার সুযোগ তৈরি করতে অনুষ্ঠানে রাখা হয় বিভিন্ন ধরনের গেমস। ছিল ৩৬০ ডিগ্রি ঘুরে ছবি তোলার ব্যবস্থা, সেলফি বুথ এবং প্রথম আলোর ‘এক্সপেরিয়েন্স জোন’। সেখানে বিভিন্ন খেলায় অংশ নিয়ে বিজ্ঞান ও জ্ঞানভিত্তিক ম্যাগাজিন ও শিক্ষাসামগ্রী জিতে নেওয়ার সুযোগ ছিল। ছিল আইসক্রিমও। সব মিলিয়ে পুরো আয়োজনজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
কিশোরগঞ্জ বন্ধুসভার কর্মযজ্ঞ
উৎসবের এক সপ্তাহ আগে থেকেই শুরু হয় বন্ধুদের দৌড়ঝাঁপ। আগের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে নাশতার প্যাকেট প্রস্তুতের কাজ। রাতে চলে ডেকোরেশন ও ইভেন্টের নানা প্রস্তুতি। বন্ধুরা পালাক্রমে এসব কাজে সহায়তা করেন।
উৎসবের দিন সকাল থেকেই অনুষ্ঠানস্থলে বন্ধুদের দায়িত্বশীল ও সুশৃঙ্খল উপস্থিতি লক্ষ করা যায়। জেলাজুড়ে ছড়িয়ে থাকা প্রায় এক হাজার শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক অভিভাবক ও শিক্ষকের পদচারণে মুখর ছিল অনুষ্ঠানস্থল। বন্ধুসভার বন্ধুরা নির্দিষ্ট উপকমিটিতে বিভক্ত হয়ে শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভ্যর্থনা জানানো, নিবন্ধন ডেস্ক পরিচালনা, অনুষ্ঠানস্থলে প্যান্ডেলের নিচে আসন বণ্টন এবং শিক্ষার্থীদের উপহারসামগ্রী সুবিন্যস্ত রাখার কাজে বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেন। পার্কে স্থাপিত ‘প্রথম আলো এক্সপেরিয়েন্স জোন’, ফটোফ্রেম ও ডিজিটাল বুথে শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্তে দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা করেন বন্ধুরা।
অতিথিদের আলোচনা ও দিকনির্দেশনা
শিক্ষার্থীদের জন্য পাঠানো প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের চিঠি পড়ে শোনানো হয় অনুষ্ঠানে। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ। কিশোরগঞ্জ বন্ধুসভার সভাপতি নুসরাত জাহান ও সাংগঠনিক সম্পাদক মো. সাবাবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিক উল্লাহ বলেন, ‘জিপিএ-৫ পাওয়া বড় অর্জন হলেও ভালো মানুষ হতে হবে। সবার জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে। আত্মকেন্দ্রিক হওয়া যাবে না, মানুষের উপকারে আসতে হবে।’
প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত সাহিত্যিক সুমনকুমার দাশ বলেন, ‘একটি ভালো ফল তোমাকে অন্যদের চেয়ে বড় মানুষ করে না। বরং এই ফল তোমার সামনে আরও বড় দায়িত্ব তৈরি করে, তুমি কীভাবে জ্ঞানকে কাজে লাগাবে, কীভাবে মানুষের পাশে দাঁড়াবে।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলতে শপথ পড়ানো হয়। শিক্ষার্থীদের মধ্য থেকে ইব্রাহিম নহিন ও ফারজানা আক্তার অনুভূতি জানিয়ে বক্তব্য দেয়।
সাফল্যের জন্য শিক্ষক ও মা-বাবার প্রতি শিক্ষার্থীদের কৃতজ্ঞতা
কৃতী শিক্ষার্থী দিপীকা শর্মিলা বলে, ‘শিখো ও প্রথম আলোকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ। এই অর্জনের পেছনে লুকিয়ে আছে মনোযোগ দিয়ে পড়াশোনা, বাবা-মায়ের আন্তরিকতা, তাঁদের ভালোবাসা এবং শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা। জিপিএ-৫ পাওয়ার পর এখন আমাদের আরও ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে হবে।’
শিক্ষার্থী মহিমা আক্তার, সাইয়ারা আদিবা, নূসরাত জাহান, তাসমিয়া আলম, সামিউল আলম ও নোহা তাসনিম অনুষ্ঠানে তাদের অনুভূতির কথা জানায়।
শিক্ষার্থীদের প্রাপ্তি ও মেধার স্বীকৃতি
শিক্ষার্থীদের দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, বিনা মূল্যে এআই কোর্স এবং কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা পত্রিকার ছয় মাসের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।
সাংস্কৃতিক পরিবেশনা
কিশোরগঞ্জ বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া খান নৃত্য পরিবেশন করেন। গান গেয়ে শোনান ফারাহ কাশ্মীর। শিল্পীদের সঙ্গে গানের সুরে সুর মেলান শিক্ষার্থীরাও।
কুইজ প্রতিযোগিতা
শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বই তুলে দেন পরপর তিন বিসিএসে সাফল্য পাওয়া নজরুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা মো. জাকারিয়া, বৃক্ষপ্রেমী হোছেন আলমগীর ও দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রাহক শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বন্ধুসভার সহসভাপতি নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা হাবিবা, সহসাংগঠনিক সম্পাদক নাফিসা জাহান, অর্থ সম্পাদক রফিক আহম্মদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক উমর নাসিফ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তাফহিম বিন আজিজ, বন্ধু তায়্যিবা আফরোজ, মাহবুব আল হাসান, ইসরাত জাহান প্রমুখ।
সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ বন্ধুসভা