প্রেমের ছড়া
নদীর এ-পার রাধার বাড়ি
মাটির দেয়াল, টিনের চাল,
ও-পারেতে শ্যামের ঘরে
দালান উঁচু, সুবিশাল।
রাধার ঘরে লঙ্কা ভাতে
কচু শাক আর মসলা ঝোল
শ্যামের ঘরে মাছের মুড়ো
ইলিশ, পুঁটি, পাবদা, শোল।
ও-পারেতে শ্যামের বাঁশি
বাঁজছে যেন মধুর সুরে,
রাধার মনে জাগছে যেন
শিহরণ আজ ঘুরে ঘুরে।
এ-পারেতে প্রেমের সুতোয়
ও-পারেতে পড়ছে টান
মাঝ দরিয়ায় ঝড় উঠেছে
উথল নদী, প্রেমের বাণ।
এই পারেতে রাধার বুকে
বিরহেরই বাজছে সুর
ও-পারেতে শ্যামের বাঁশি
হারিয়ে গেছে কোন সুদূর।